Header AD

ভোটের আগে রাজ্যে ED-র তৎপরতা, রেশন দুর্নীতি মামলায় ১২ জায়গায় হানা

Ed Raid in Kolkata

রাজ্যে বিধানসভা ভোটের (West Bengal election 2026) আর মাত্র দু’সপ্তাহ বাকি। এর মধ্যেই রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার ভোরে কলকাতা-সহ রাজ্যের মোট ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে জানা গিয়েছে, কলকাতার একাধিক এলাকা ছাড়াও বনগাঁ, মুর্শিদাবাদ এবং হাওড়ায় বিভিন্ন ব্যবসায়ীর বাড়ি ও অফিসে অভিযান চলছে। পোদ্দার কোর্ট, মিন্টো পার্ক ও লর্ড সিনহা রোডের কয়েকটি গুরুত্বপূর্ণ ঠিকানায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বেশ কিছু ব্যবসায়ীর নাম উঠে আসে, যার সূত্র ধরেই এই অভিযান বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্ত বহুদিন ধরেই চলছে। ২০২০ সালে নদিয়ায় কালোবাজারির জন্য বিপুল পরিমাণ আটা উদ্ধার হওয়ার পর এই কেলেঙ্কারির সূত্রপাত। অভিযোগ, সরকারি রেশনের ২০ থেকে ৪০ শতাংশ খাদ্যশস্য সরিয়ে কালোবাজারিতে বিক্রি করা হতো। এই মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও পরে তাঁরা জামিন পান।

অন্যদিকে, সাউথ পয়েন্ট স্কুলের (South Point school) আর্থিক দুর্নীতি মামলাতেও বড় পদক্ষেপ নিয়েছে ইডি। অভিযুক্ত কৃষ্ণ দামানির প্রায় ১৮ কোটি ৫০ লক্ষ টাকার সম্পত্তি প্রাথমিকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির দাবি, তিনি স্কুলের তহবিল থেকে অন্তত ২০ কোটি টাকা তছরুপের সঙ্গে জড়িত।

তদন্তে উঠে এসেছে, কম কর্মী নিয়োগ করেও বেশি কর্মী দেখিয়ে অতিরিক্ত অর্থ আত্মসাৎ করা হতো। সেই টাকা নিজের সংস্থা ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে পাচার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০২৪ সালে এই মামলায় গ্রেপ্তার হন কৃষ্ণ দামানি। এরপর থেকেই ইডি বেআইনি আর্থিক লেনদেনের দিকটি খতিয়ে দেখছে।

ভোটের মুখে ইডির এই তৎপরতা ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।