বিজেপির সঙ্গে আর্থিক ‘ডিল’ (Humayun BJP viral video) সংক্রান্ত একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর রাজনৈতিকভাবে বড় ধাক্কা খেলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। এই ঘটনার জেরে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম (AIMIM) আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে জোট ভাঙার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে AIMIM জানায়, তারা বাংলায় আর জোটবদ্ধভাবে নয়, স্বাধীনভাবে নির্বাচনে লড়বে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রান্তিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ রক্ষাই তাদের মূল লক্ষ্য। কিন্তু আমজনতা উন্নয়ন পার্টি সেই আবেগকে ব্যবহার করে মুসলিম ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে, যা তারা মেনে নিতে পারেনি।
ভাইরাল হওয়া ভিডিওতে হুমায়ুন কবীরের বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ ওঠে। যদিও তিনি দাবি করেছেন ভিডিওটি ভুয়ো এবং কৃত্রিমভাবে তৈরি, তবুও AIMIM সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বলেই স্পষ্ট হয়েছে তাদের পদক্ষেপে।
এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিকভাবে আরও চাপে পড়লেন হুমায়ুন কবীর। এর আগেও তাঁর দলের সম্ভাব্য জোট নিয়ে নানা অনিশ্চয়তা ছিল। কংগ্রেস, সিপিএম বা আইএসএফের সঙ্গে জোটের কথা বলা হলেও শেষ পর্যন্ত কেউই রাজি হয়নি। পরে AIMIM-এর সঙ্গে হাত মিলিয়ে ২০০-র বেশি আসনে প্রার্থী দেয় তাদের জোট এবং যৌথ প্রচারও শুরু হয়েছিল।
তবে হঠাৎ এই জোট ভাঙার ঘটনায় তাদের নির্বাচনী পরিকল্পনা এখন অনিশ্চয়তার মুখে। আগে যেখানে একসঙ্গে একাধিক জনসভা করার পরিকল্পনা ছিল, এখন তা কার্যত ভেস্তে গিয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।





