Header AD

৯০ লক্ষের মধ্যে ৬০ লাখই হিন্দু! বাদ পড়া নাম নিয়ে বিজেপি- কমিশনকে তোপ মমতার

cm swarupragar

“একটি সংবাদে দেখলাম যে, ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান। শুক্রবার স্বরূপনগরে তেঁতুলিয়ার হাই স্কুল ফুটবল মাঠের জনসভা থেকে ভোটার তালিকায় নাম বাদ নিয়ে বিজেপি-কমিশনের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা থেকে তিনি এসআইআর নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “সুপ্রিম কোর্টের রায় ছিল কাগজপত্র দিয়ে ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। কিন্তু এখনও ট্রাইবুনালের কাজই শুরু হয়নি। এই বিষয়ে ব্লক স্তরে সমীক্ষার পর তৃণমূলের তরফে যা বলার বলা হবে”। পাশাপাশি অসমের ভোটে বহিরাগতদের দিয়ে ভোট করানোর হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিনের সভা থেকে তিনি কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, “দেশে কোনও এজেন্সি নেই। দেশের সবাইকে কিনে নিয়েছে। আর চৈত্র মাসের সেলে সব বিক্রি করে দিয়েছে। বিজেপিকে বিশ্বাস করবেন না। অসমে এনআরসি করে ১৯ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল। তার মধ্যে ১৩ লক্ষ ছিল হিন্দু. ৬ লক্ষ মুসলমান। তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল।” দেশের সব এজেন্সিকে বিজেপি কিনে নিয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ ভোটারদের কাছে তাঁর আবেদন, “একটা ভোটও গুরুত্বপূর্ণ, এবার কোনও ভোট যেন বিজেপি বা অন্য পার্টিতে না যায়।”

উল্লেখ্য বৃহস্পতিবার অসম সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। এদিনের সভা থেকে প্রতিবেশি রাজ্য অসমের ভোটে বহিরাগতদের দিয়ে ভোটদানের অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। এর পরিপ্রেক্ষিতে অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে লোক ঢোকানো হচ্ছে বলেও ফের অভিযোগ করলেন তিনি । তাঁর অভিযোগ, শুনছি উত্তরপ্রদেশ থেকে ৫০,০০০ লোক এনে অসমে ভোট হয়েছে। অসমে তৃণমূলের শাখা আছে। আমাকে সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা জানিয়েছে। আপনারা সতর্ক থাকবেন। “

প্রসঙ্গত, স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীণা মণ্ডলের সমর্থনে এদিন জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।