Header AD

ED স্ক্যানারে তৃণমূলের ২ হেভিওয়েট, রথীন-সুজিতকে ফের তলব

Ed Summon

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে (West Bengal Assembly Election 2026) আবারও সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু (Sujit Bose) এবং মধ্যমগ্রামের প্রার্থী রথীন ঘোষকে (Rathin Ghosh) শনিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সুজিত বসুকে এটি তৃতীয়বার এবং রথীন ঘোষকে দ্বিতীয়বার তলব করা হল।

ইডি সূত্রে জানা গিয়েছে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এর আগেও দু’বার তাঁকে তলব করা হয়েছিল। বর্তমানে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় তিনি হাজিরা দিতে পারেননি। এ বিষয়ে ইডিকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, ভোটের কাজের জন্য এখন উপস্থিত হওয়া সম্ভব নয়, তবে মে মাসে হাজিরা দিতে পারবেন। পাশাপাশি তিনি ইডির বিরুদ্ধে হয়রানির অভিযোগও তুলেছেন। যদিও সেই চিঠির পরেও তাঁকে তৃতীয়বার নোটিশ পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, এবারও হাজিরা এড়ালে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে তদন্তকারী সংস্থা।

অন্যদিকে, জমি দখল সংক্রান্ত মামলায় রথীন ঘোষকেও ইডির নজরে রাখা হয়েছে। গত বুধবার তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। এবার দ্বিতীয়বার শনিবার উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, নির্বাচনী ব্যস্ততার কারণেই তিনিও আপাতত হাজিরা দিতে পারছেন না বলে জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই জমি দুর্নীতি মামলায় রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারকেও (Debashish Kumar) তলব করেছিল ইডি। তিনি ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে গিয়ে নথিপত্র জমা দিয়েছেন এবং নির্ধারিত সময়েই হাজিরা দিয়েছেন।

পরপর একাধিক TMC প্রার্থীকে তলব করা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শাসক দল তৃণমূল এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছে, যদিও এই বিষয়ে BJP-র তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।