আগামী বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬কে (West Bengal Assembly Election 2026) সামনে রেখে রাজনৈতিক প্রচারে কড়াকড়ি বাড়াল নির্বাচন কমিশন (ECI) ও পুলিশ প্রশাসন। বড় মিছিল বা সমাবেশ তো বটেই, বাড়ি বাড়ি প্রচার কিংবা লিফলেট বিতরণের মতো ছোট কর্মকাণ্ডও এবার ‘সুবিধা’ অ্যাপ বা পোর্টালে নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রশাসনের মতে, এই অ্যাপে তথ্য আপলোড করলে পুলিশ সহজেই জানতে পারবে কোন দল কোথায়, কখন মিছিল বা সভা করছে। এর ফলে আইন-শৃঙ্খলা (Law & Order) রক্ষা করা সহজ হবে এবং বিপরীত রাজনৈতিক দলের কর্মীদের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও কমবে।
বিশেষ করে ভোট যত এগিয়ে আসছে, ততই পাড়ায় পাড়ায় ছোট মিটিং ও মিছিলের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে কোনও রকম সংঘর্ষ এড়াতে ছোট আকারের স্ট্রিট কর্নার সভা বা মিছিলের তথ্যও ‘সুবিধা’ অ্যাপে জানানো বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি মাইকের শব্দ সংক্রান্ত সমস্যা এড়াতেও নজর রাখা হচ্ছে।
লালবাজার সূত্রে জানা গেছে, প্রশাসনের মূল লক্ষ্য হল বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে সরাসরি সংঘাত এড়ানো। সেই কারণেই বাড়ি বাড়ি প্রচারের সময়সূচি ও স্থান সম্পর্কেও আগাম তথ্য চাওয়া হচ্ছে।
এর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ জোর দেওয়া হয়েছে। যে সব রাস্তায় রাজনৈতিক মিছিল হবে, সেখানে যানজট এড়াতে ট্রাফিক পুলিশকে সতর্ক করা হয়েছে। ছোট সমাবেশ বা পথসভা যাতে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে সমস্যা সৃষ্টি না করে, সেদিকেও নজর রাখছে প্রশাসন।
সব মিলিয়ে, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন ও পুলিশ।





