Header AD
Trending

বৃষ্টি শেষে বাংলায় শুরু গরমের ইনিংস! ৩ দিনেই তাপমাত্রা বাড়বে ৭ ডিগ্রি

summer

তাপমাত্রার আরামদায়ক আমেজ কাটিয়ে চৈত্রমাসের শেষপ্রহরে হাঁসফাঁসে গরমের আশঙ্কা বাড়ছে বাংলায় (Weather Forecast)! আবহাওয়া দপ্তরের (Weather Office)পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেই মিলিয়ে যাবে শীতল আমেজ। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টির দাপট কমবে। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে, যদিও সেখানেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলেই খবর। ফলে নতুন বছরের শুরু থেকেই দাবদাহে পুড়তে চলেছে বঙ্গবাসী।

গত কয়েক দিনে টানা ঝড়-বৃষ্টির কারণে রাজ্যজুড়ে তাপমাত্রা কিছুটা নেমেছিল। কিন্তু শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কমতে শুরু করবে। এদিন সকাল থেকে মেঘকেটে কড়া রোদের দেখা মিলেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং এই সময়ের মধ্যে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার থেকে বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এদিকে শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সেই প্রভাব সাময়িক। রবিবারের পর থেকেই আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর।

আগামী সপ্তাহের শুরুতেও উত্তরবঙ্গে খারাপ আবহাওয়ার প্রভাব বজায় থাকতে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে সোমবার থেকে ধীরে ধীরে ঝড়বৃষ্টির দাপট কমবে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে। যদিও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে।

উল্লেখ্য সপ্তাহান্তে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী সপ্তাহের শুরু থেকেই কলকাতায় তাপমাত্রা আরও বাড়বে, সঙ্গে বাড়বে অস্বস্তিও। আগামী বুধবার পয়লা বৈশাখ, আর সেই দিনেও কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। ফলে বলাই যায়, সাময়িক স্বস্তির পর আবারও চেনা ছন্দে ফিরতে চলেছে গ্রীষ্মের দাবদাহ।