ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীর নমিমেশন বাতিলের চেষ্টা করেছে বিজেপি! শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীর জনসভা থেকে এই অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিবাদে তিনি এদিনের সভা থেকে গর্জে ওঠেন। বিজেপিকে নিশানা করে তিনি বলেন,‘‘আমাদের লড়াই করতে হচ্ছে বিজেপি সঙ্গে নয়, বিজেপির ভ্যানিশ মেশিনের সঙ্গে। আমার কেন্দ্রে আমার নমিনেশন কাটার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যা এফিডেভিট করে নমিনেশন ক্যানসেল করার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। আমাকে অনেক অসম্মান করেছে। একবার ভাবুন, আমার ওপর এতো অত্যাচার করলে আপনাদের ওপর কত অত্যাচার করবে?’’পাশাপাশি বিজেপির সঙ্কল্প পত্রে যে অভিন্ন দেওয়ানি বিধির উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন তৃণমূল নেত্রী।
শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীর জনসভা থেকে তাঁর বার্তা “ভুলে যান কে আপনার প্রার্থী। ২৯৪টা আসনে আমিই প্রার্থী। কারণ তৃণমূল জিতলে সরকারটা আমিই গড়ব।” এর পরিপ্রেক্ষিতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে তাঁর নমিনেশন বিজেপি বাতিল করতে চেয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। বলেন, “আমার কেন্দ্রে আমার নমিনেশন কাটার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যা এফিডেভিট করে নমিনেশন ক্যানসেল করার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি।”
একই সঙ্গে সভা থেকে ফের এসআইআর-এর বিরোধিতায় সরব হন মমতা। বিজেপি (BJP)ও কমিশনকে (Election Commission Of India)একযোগে আক্রমণ শানিয়ে তিনি গর্জে ওঠেন, মনে রাখবেন SIR আসলে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য ওদের একক প্রচেষ্টা, একটা বড় স্ক্যাম।
বিজেপি বাংলাভাগের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, ভোটের সময় পার্লামেন্টে ডিলিমিটেশন বিল আনছে। ভাবুন কত বড় অন্যায়!ওয়েট করতে পারল না। কারণ, টুকরো টুকরো করবে বাংলাকে।’’ একই সঙ্গে তিনি বলেন, “শুনছি,বিহারে যাঁদের ভোট কেটেছে, তাঁদের বলা হচ্ছে, রেশন বন্ধ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি, আমি থাকতে এ সব করতে দেব না। “
উল্লেখ্য বিজেপি তাদের সঙ্কল্প পত্রে রাজ্যে ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রস্তাব দিয়েছে। রাজ্যের শাসক শিবির প্রথম থেকেই এর বিরোধিতায় সরব। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুক্রবার সাংবাদিক বৈঠকে এক তীব্র বিরোধিতা করেন। শনিবার কেশীয়ারীর জনসভায় এক বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। তিনি দাবি করলেন, ‘‘ বিজেপি মানেই, খালি মিথ্যে কথার বেসাতি। কালকে বলেছে ইউনিফর্ম সিভিল কোড চালু করবে। ইউনিফর্ম সিভিল কোড মানে কী? আপনার ইচ্ছেমতো ধর্ম চর্চা করার অধিকার থাকবে না। এরা বলছে একটাই মত হবে। এরা আপনার ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য সব কেড়ে নেবে। এর মানে- একটাই বিজেপি, একটাই নীতি। একটাই বিজেপি, একটাই বিধর্ম। একটাই বিজেপি, সর্বধর্মের সর্বনাশ। আমরা পুরোপুরি এটার বিরোধিতা করব। এখন সবাই যখন নির্বাচনে ব্যস্ত আছে, এখন বিলগুলি আনতে হচ্ছে? আজকে তুমি বিল পাশ করবে, কালকে তুমি ক্ষমতায় থাকবে না। আমরা বাতিল করে দেব। তুমি যা যা স্বেচ্ছাচারী বিল করেছ, সব বাতিল করে দেব আমরা।’’





