Header AD

ভোটের আগে কলকাতায় কড়া তল্লাশি! নগদ টাকা ও মাদক উদ্ধার, গ্রেপ্তার একাধিক

Kolkata Naka Checking

ভোটের আগে (Election in Bengal) কলকাতা জুড়ে তল্লাশি অভিযান (Naka Checking) জোরদার করেছে পুলিশ। একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনায় কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দুপুরে এমজি রোড ও স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় নাকা চেকিংয়ের সময় প্রেমকুমার দাস নামে এক যুবককে আটক করে পুলিশের ফ্লাইং স্কোয়াড। তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় ৪ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, টাকা ব্যবসার কাজে ব্যবহার করার জন্য ছিল। তবে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ সন্দেহের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, ময়দান এলাকায় অভিযানে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিক সেল। বাজেয়াপ্ত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা। এই ঘটনায় জয়দেব পাইক, রাজু সর্দার ও উষা সর্দার নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগেও স্ট্র্যান্ড রোড এলাকায় পুলিশের এসটিএফ অভিযান চালিয়ে এক কিশোরের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এর মধ্যে ছিল তিনটি দেশি বন্দুক এবং দুটি ৭ এমএম পিস্তল। পাশাপাশি উদ্ধার হয় চারটি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ কার্তুজ। এদিকে, রেশন দুর্নীতি মামলায় পৃথক তল্লাশিতে তিনটি জায়গা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ নির্বাচন কমিশন (ECI) ভোটের দিন ঘোষণা করার পর থেকেই কার্যকর হয়েছে আদর্শ নির্বাচনী বিধি। শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় নাকা চেকিং জোরদার করার পাশাপাশি আন্তঃরাজ্য সীমান্তেও কড়া নজরদারি চালানো হচ্ছে।