Header AD

প্রেমের টানে মাতৃত্ব বিসর্জন! ছয় বছরের সন্তানকে খুনের অভিযোগে পুনেতে গ্রেপ্তার মা

মহারাষ্ট্রের পুনেতে (Pune) ঘটে গেল এক চাঞ্চল্যকর ও নৃশংস ঘটনা। নিজের ছয় বছরের ছেলেকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ২৭ বছর বয়সি এক মহিলাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বাসিরণ শেখ প্রায় দশ বছর আগে মেহবুব নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। তাঁদের তিনটি সন্তান রয়েছে। পারিবারিক অশান্তির জেরে কিছুদিন আগে দম্পতি আলাদা হয়ে যান। দুই সন্তান বাবার কাছে থাকলেও ছোট ছেলে মায়ের সঙ্গেই থাকত।

এই সময়েই বাসিরণ এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ, ওই সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাঁর ছেলেই। তাই প্রেমিকের সঙ্গে মিলে শিশুটিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি। অভিযোগ অনুযায়ী, প্রথমে শিশুটির মাথা জলের বালতিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে মাটিতে আছাড় মারা হয় বলেও জানা গিয়েছে।

ঘটনার পর শিশুটির দেহ নিয়ে বাসিরণ তাঁর বাপের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের জানান যে ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তবে দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় পরিবারের। পরে পুলিশে খবর দেওয়া হলে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টে খুনের প্রমাণ মিলতেই পুলিশ অভিযুক্ত মাকে গ্রেপ্তার করে। তাঁর প্রেমিক বর্তমানে পলাতক। ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ।