Header AD

একজন মহিলার বিরুদ্ধে গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করছে বিজেপি! করিমপুরের সভায় তোপ অভিষেকের

ab karimpur

নদিয়ার করিমপুরে প্রার্থী সোহম চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী জনসভা (West Bengal Assembly Election) করতে গিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভরা সভা থেকে তিনি অভিযোগ করলেন, “একজন মহিলার বিরুদ্ধে সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগিয়ে জেতার চেষ্টা করছে ।” তাঁর সংযোজন, “মোদি, অমিত শাহ থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান, যোগী আদিত্যনাথ ভোটের আগে সবাই এখন ডেলি প্যাসেঞ্জারি করে আসছে।” তিনি দাবি করেন , রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে বিজেপি, তাই মানুষের সামনে কোনও ইস্যু তুলে ধরতে না পেরে বিভ্রান্তিকর রাজনীতি করছে তারা।

এদিনের সভা থেকে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই বিজেপির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ন্যূনতম সম্মান না দিয়ে মমতা বলছেন। আর বিজেপি নেতাকর্মীরা এই যোগী আদিত্যনাথ-এর পায়ে পড়ে প্রণাম করছে। এটি অসৌজন্য মূলক এবং অসম্মানজনক।” একই সঙ্গে তিনি দাবি করেন, ইডি, সিবিআই, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী—সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে । তিনি দাবি করেন “বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।”

বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চণা নিয়েও এদিন সরব হন অভিষেক। তিনি বলেন, “সর্বশিক্ষা মিশন, ১০০ দিনের কাজের টাক্‌ বাড়ির টাকা সবকিছু আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি।” তবে ৪ মে মানুষই এর জবাব দেবে বলে দাবি করেন তিনি। নোটবন্দি থেকে ভোটবন্দি—সব ক্ষেত্রেই মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, যেকোনও পরিস্থিতিতেই ভোটের দিন লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। সভা থেকে হুঙ্কার দিয়ে তিনি বলেন, “বাংলা কখনও মাথা নত করবে না, আত্মসম্মান বিক্রি করবে না”।

সব মিলিয়ে করিমপুরের সভা থেকে কেন্দ্রীয় সংস্থার ব্যবহার থেকে শুরু করে রাজনৈতিক লড়াই—একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক।