পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে (Election in Bengal) এসে আবারও উচ্চারণের ভুল নিয়ে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার বোলপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ‘রবীন্দ্রসঙ্গীত’ বলতে গিয়ে তিনি ভুল করে ‘রবিশঙ্কর’ বলে ফেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সভা থেকে বাংলার সংস্কৃতির প্রসঙ্গ তুলে গায়িকা সাহানা বাজপেয়ীকে (Sahana Vajpayee) ধন্যবাদ জানাতে গিয়ে এই ভুল করেন অমিত শাহ। তার এই মন্তব্যের ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) এই ঘটনাকে কটাক্ষ করে দাবি করেছে, পণ্ডিত রবিশঙ্কর একজন বিশ্ববিখ্যাত সেতারবাদক। অন্যদিকে রবীন্দ্রসঙ্গীত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট গানের ভাণ্ডার—এই দুইকে গুলিয়ে ফেলা বাংলার সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতার পরিচয়।
তৃণমূল কংগ্রেস এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে বিজেপিকে তীব্র আক্রমণ করে জানায়, বাংলার সংস্কৃতিকে এভাবে অবজ্ঞা করা উচিত নয় এবং এ ধরনের ভুলকে রাজ্যের মানুষ সহজে নেবে না। তাদের অভিযোগ, বাংলার সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ছাড়াই শুধুমাত্র ভোটের স্বার্থে রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)a এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি সাম্প্রতীক অতীতের কিছু ভাষা বিভ্রাটের উল্লেখ করে বলেন, ‘ বাংলার সংস্কৃতি সম্বন্ধে বিন্দুমাত্র না জেনেই বিজেপি নেতারা প্রচারে চলে আসছেন। আসলে বহিরাগতদের এটাই সংস্কৃতি। যতবার বহিরাগতরা আসবে তৃণমূলের ২ লাখ করে ভোট বাড়বে।“
উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিজেপি নেতাদের বক্তব্যে উচ্চারণজনিত ভুল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি অমিত শাহ ‘রানি রাসমণি’-র নাম ভুল করে ‘রানি রাসমতী’ বলায় সমালোচনার মুখে পড়েছিলেন। এছাড়াও দলের অন্যান্য নেতাদের বক্তব্য নিয়েও তৃণমূল একই অভিযোগ তুলেছে।
সমগ্র ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে, যা নির্বাচনের প্রাক্কালে নতুন করে উত্তাপ বাড়িয়েছে।





