১২ এপ্রিল, রবিবার এই পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নিয়েছেন আশা ভোঁসলে (Asha Bhonsle Funeral)। তাঁর মৃত্যুতে গোটা সঙ্গীত জগৎ শোকে ভেঙে পড়েছে।, যেন এক লহমায় সকলে অভিভাবকহীন হয়ে পড়েছে। সোমবার সকাল থেকেই মুম্বইয়ের লোয়ার প্যারেলে মানুষের ভিড় দেখা যায়। শেষবারের মতো ‘আশা তাই’ কে শ্রদ্ধা জানাতে চলচ্চিত্র জগতের মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ও ক্রীড়া জগতের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব সেখানে উপস্থিত হয়েছিলেন। বিকেলে শিবাজী পার্ক সংলগ্ন ভাগোজি বালুজি কীর হিন্দু শ্মশানে তাঁর সৎকার সম্পন্ন হল। পৌনে ছ’টা নাগাদ পুত্র আনন্দ ভোঁসলে মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত কাসা গ্র্যান্ডের বাড়িতে জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায় রাখা হয়েছিল আশা ভোঁসলের নিথর দেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস (Devendra Faranbis), ক্রিকেটার শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), চলচ্চিত্র ব্যক্তিত্ব রাকেশ রোশন (Rakesh Roshan) , সংগীতশিল্পী অনুরাধা পাড়ওয়াল (Anuradha Parwal), অভিনেতা জ্যাকি শ্রফ (Jackie Shroff), সুরকার এ আর রহমান (A R Rahman), অভিনেত্রী তাব্বু (Tabbu), অভিনেতা রীতেশ দেশমুখ (Ritesh Deshmukh), শচীন পিলগাঁওগকর (Sachin Pilgaonkar) ও আশুতোষ গোয়ারিকর (Asutosh Gowarikar)-সহ আরও অনেক বিশিষ্ট মানুষ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় আশা ভোঁসলেকে। শেষ শ্রদ্ধা জানাতে এসে আবেগে ভেঙে পড়েন শচীন তেন্ডুলকর। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর।

শনিবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আশা ভোঁসলেকে। খবর প্রকাশ্যে আসতেই শিল্পীর আরোগ্য কামনা করতে থাকেন তারকামহল থেকে অসংখ্য অনুরাগী। শেষ পর্যন্ত আর তাঁকে ফিরিয়ে আনা গেল না। রবিবার দুপুরে সকলকে ছেড়ে চিরবিদায় নেন আশা ভোঁসলে। সোমবার বিকেলে শিবাজি পার্কে একুশ তোপে শিল্পীকে শেষ বিদায় জানানোর সময় আর নিজের আবেগ সামলাতে পারেননি কন্যা জায়ান। প্রয়াত কিংবদন্তির শেষকৃত্যে যোগ দেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস, রাজ ঠাকরে, আমির খান, বিবেক ওবেরয়, পুনম ধিলোঁ, রণবীর সিং, ভিকি কৌশলসহ অনেকে। ‘আশাজি অমর রহে’ ধ্বনিতে কিংবদন্তিকে চোখের জলে শেষবিদায় জানালেন অনুরাগীরা।






