আগ্রায় এক নববধূর বিরুদ্ধে গুরুতর প্রতারণা ও হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিয়ের রাতেই অর্থ দাবিকে কেন্দ্র করে শুরু হয় অস্বাভাবিক ঘটনা। স্থানীয় বাসিন্দা গৌরবের সঙ্গে কল্পনার বিয়ে হয় প্রায় এক বছর আগে। গৌরবের দাবি, ফুলশয্যার রাতে নববধূ কল্পনা স্পষ্ট জানিয়ে দেন—৯০ লক্ষ টাকা না দিলে তিনি ঘোমটা তুলতে দেবেন না, এমনকি স্বাভাবিক দাম্পত্য সম্পর্কও গড়ে তুলবেন না।
এরপর থেকেই পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে। অভিযোগ, কল্পনা বাড়ির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন এবং নিজের ও শাশুড়ির গয়না নিয়ে নেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি, তিনি তাঁর বাবা ও ভাইয়ের জন্য ৯০ লক্ষ টাকা দেওয়ার দাবি জানাতে থাকেন। প্রায় দু’মাস এই অশান্তি চলার পর জুলাই মাসে কল্পনা শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান। এরপর ৩ সেপ্টেম্বর কল্পনার ভাই রাহুল গৌরবের বোনের কাছে ব্যাংকের তথ্য পাঠিয়ে টাকার একটি অংশ পাঠানোর অনুরোধ করেন। তবে গৌরবের পরিবার সেই দাবি মানেনি।
অভিযোগ, কয়েক মাস পর ২৫ মার্চ কল্পনা তাঁর পরিবার নিয়ে গৌরবের বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করেন। এমনকি গৌরবের অসুস্থ বাবাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গৌরবের পরিবারের দাবি, তাঁদের ঘরের ভিতরে আটকে রেখে বাইরে থেকে তালা দেওয়া হয় এবং টাকা না দিলে জীবন্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশে খবর দেওয়া হলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান। বর্তমানে গৌরবের পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, বিয়ের মধ্যস্থতাকারী মুন্না মাস্টার পুলিশের জেরায় জানিয়েছেন, পুরো ঘটনাটি একটি পূর্বপরিকল্পিত চক্রান্ত ছিল। ফুলশয্যার রাতেই টাকা দাবি করার পরিকল্পনা আগেই করা হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশ গোটা ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের খোঁজে তদন্ত চালাচ্ছে।





