Header AD

সাবগ্লটিসে আটকে মুরগির হাড়, সঙ্কট কাটিয়ে দুই বছরের শিশুকে নতুন জীবন দিল SSKM

SSKM Operation success

নতুন বছরের খাওয়া-দাওয়ার মাঝেই ঘটে যায় বিপদ। মালদহের দুই বছরের এক শিশুর গলায় মুরগির মাংসের একটি হাড় আটকে যায়। হাড়টি শ্বাসনালির শুরুর অংশ, অর্থাৎ সাবগ্লটিসে আটকে যাওয়ায় গুরুতর শ্বাসকষ্ট শুরু হয় শিশুটির। দ্রুত অবস্থার অবনতি হতে থাকায় তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)।

চিকিৎসকদের মতে, সাবগ্লটিস হল শ্বাসনালির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখানে কোনও কিছু আটকে গেলে বাতাস ফুসফুসে পৌঁছতে পারে না, ফলে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায়। এই ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল—শিশুটির অক্সিজেন স্যাচুরেশন বিপজ্জনকভাবে নেমে গিয়েছিল। হাসপাতালের ইনস্টিটিউট অফ ওটো রাইনো ল্যারিঙ্গোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের জরুরি পরিষেবায় দ্রুত ভর্তি করা হয় তাকে। ডা. অরুণাভ সেনগুপ্তর তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ দল অস্ত্রোপচারের প্রস্তুতি নেয়।

শল্যচিকিৎসক ডা. সায়ন হাজরা, ডা. দিব্যা দাগা, ডা. ভাস্কর বিশ্বাস, ডা. পূর্বা ঘোষসহ চিকিৎসক দলের সদস্যরা রিজিড ব্রঙ্কোস্কপি পদ্ধতির মাধ্যমে সফলভাবে শিশুটির শ্বাসনালি থেকে হাড়টি বের করে আনেন। অ্যানাস্থেটিস্ট ডা. সমীরণ গুপ্ত ও ডা. ঋতব্রত হালদার সহযোগিতায় পুরো প্রক্রিয়াটি নিরাপদে সম্পন্ন হয়। সময়মতো চিকিৎসা পাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পায় শিশুটি। চিকিৎসকদের তৎপরতা ও দক্ষতায় নতুন জীবন ফিরে পায় সে।