Header AD

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! কলকাতাসহ ছয় জেলায় জারি সতর্কতা

kolkata thunder

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও ইতিমধ্যেই কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা (Weather Update) জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Meterological Office)। সেই সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস। এছাড়া বিকেলের দিকে মহানগরে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনার কথাও বলা হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী (Weather Forecast),শহর কলকাতায় বৃহস্পতিবার সারাদিন রোদ ও মেঘের লুকোচুরি চলবে। বিকেলের দিকে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে, সঙ্গে দমকা থেকে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এ দিন ও আগামীকাল, শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সময় ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। অন্য জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।

উল্লেক্ষ্য, টানা দুদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। বরং সপ্তাহান্তে আবারও গরম বাড়তে পারে বলে পূর্বাভাস। শনিবার ও রবিবার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রাম-এ তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা বেশি থাকতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।