উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ (Hingalgunje) এলাকার বাকড়া অঞ্চলে বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়নের (77no Battalion BSF) ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল এক জওয়ানের। মৃত জওয়ানের নাম জ্যোতিরাম সিংহ। তিনি এএসআই পদে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ এবং বিএসএফ কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ক্যাম্পের জ্বালানি মজুত রাখার ঘরে যান তিনি। সেই সময় স্পিডবোটের জন্য তেল ভরার কাজ চলাকালীন আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় তিনি ঘর থেকে বেরিয়ে আসার সুযোগ পাননি। আগুনে ঝলসে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা ও অন্যান্য জওয়ানরা দ্রুত উদ্ধারকাজে নামলেও আগুনের তীব্রতার কারণে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গুরুতর অবস্থায় জ্যোতিরাম সিংহকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতাল-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হবে।




