Header AD

অফিস টাইমে মেট্রো বিভ্রাট ! হলুদ লাইনে পরিষেবা বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

yellow metro

অফিসের ব্যস্ত সময়ে ফের মেট্রো (Kolkata Metro)পরিষেবায় বড়সড় বিপর্যয়। অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির কারণে হলুদ লাইন—এয়ারপোর্ট (জয়হিন্দ) থেকে নোয়াপাড়া পর্যন্ত—সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। এর জেরে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইনের পরিষেবা স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত এই মেট্রো রুটের উদ্বোধন করেন। তারপর থেকেই যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও সময় সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও জয়হিন্দ (এয়ারপোর্ট) স্টেশনে অফিসযাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
সকাল প্রায় ১০টা ১৪ মিনিট নাগাদ আচমকা অটোমেটিক সিগন্যালে (Automatic Signal)সমস্যা দেখা দেয়। নিরাপত্তার কারণে দ্রুত ট্রেন খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে যান মেট্রোর আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব হয়নি। পরে ম্যানুয়াল পদ্ধতিতে সীমিত পরিষেবা চালু করা হলেও, ট্রেন চলাচল অত্যন্ত ধীরগতিতে হচ্ছে এবং দীর্ঘ বিরতিতে ট্রেন পাওয়া যাচ্ছে।

কলকাতার অন্যতম প্রধান গণপরিবহন ব্যবস্থা হিসেবে মেট্রোর গুরুত্ব অপরিসীম। বিশেষ করে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইন সবচেয়ে ব্যস্ত রুট হিসেবে পরিচিত। যদিও এই লাইনে প্রায়ই বিভ্রাটের অভিযোগ ওঠে, এবার একই ধরনের সমস্যার মুখে পড়তে হল হলুদ লাইনের যাত্রীদেরও। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন নিত্যযাত্রীরা।