Header AD

শুক্রবার ভোর থেকেই শহরে ইডি হানা! সল্ট লেক, মিডল স্ট্রিটসহ একাধিক জায়গায় তল্লাশি

Ed Raid in Kolkata

ভোটের আগে আবার সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার ভোর থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা। সল্টলেক ও মিডলটন স্ট্রিট-সহ শহরের মোট পাঁচটি স্থানে অভিযান চালানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপের মধ্যে চলছে এই তল্লাশি কার্যক্রম।

সম্প্রতি এক নামী রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগ সামনে আসে। সেই সংস্থার কর্ণধারকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই ঘটনার তদন্তের সূত্র ধরেই শুক্রবার সকালে সল্টলেকের সিএফ ও সিকে ব্লকে অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। বাড়িটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী, এবং আপাতত বাড়িতে প্রবেশ বা সেখান থেকে বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও শুক্রবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ মিডলটন স্ট্রিট এলাকাতেও অভিযান চালায় ইডি আধিকারিকরা। সেখানকার একটি বাড়িতে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কার্যালয়েও জোরদার তল্লাশি অভিযান চলছে বলে সূত্রের খবর।

অন্যদিকে, ইডির পাশাপাশি আয়কর দপ্তরও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। শুক্রবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ আয়কর বিভাগের আধিকারিকরা দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাসভবন ও অফিসে পৌঁছন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও। একযোগে রাসবিহারী কেন্দ্রের প্রার্থীর দুটি ঠিকানায় তল্লাশি করা হয়। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে প্রচার কর্মসূচি স্থগিত রেখে আপাতত নিজের বাড়িতেই রয়েছেন তৃণমূল প্রার্থী। এদিকে আয়কর তল্লাশির খবর ছড়িয়ে পড়তেই তাঁর কার্যালয়ে জড়ো হন দলের সমর্থকরা এবং স্লোগান দিতে শুরু করেন। তাঁদের অভিযোগ, কার্যালয়ে থাকা কর্মীদের নথিপত্র খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকরা, যা তাঁদের মতে নিয়মবিরুদ্ধ। উল্লেখ্য, জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় কয়েক দিন আগেই বিদায়ী বিধায়ক তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব করেছিল ইডি। তিনি হাজিরাও দেন। তারপরেও ভোটের মুখে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর বাড়িতে ইডি তল্লাশির নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শাসক শিবির।