Header AD

‘সব অত্যাচারের হিসেব হবে! আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই’, সবংয়ে গর্জন অভিষেকের

ab sabang

কয়েকদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মেদিনীপুরের মাটি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সরাসরি চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) । শুক্রবার সবং-র জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাফ জানিয়ে দিলেন, বাংলার মাটি বিপ্লবীদের মাটি, এখানে বাইরের কোনো শক্তির দাপট চলবে না। পাশাপাশি সবং-এর একটি ঘটনার উল্লেখ করে সরব হন অভিষেক। তিনি অভিযোগ করেন, গত রাতে সাথী ঘোড়াই কুইলা নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে ‘বাম থেকে রাম’ হওয়া কিছু দুষ্কৃতী। এর পরিপ্রেক্ষিতে সভা থেকে অভিষেককের হুঁশিয়ারি “সব অত্যাচারের হিসেব হবে।”

উল্লেখ্য সবংয়ের তৃণমূল কর্মী সাথী ঘোড়াই কুইলার বাড়িতে বিজেপির দুষ্কৃতিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। সাথীর ২ বছরের শিশুর সামনেই এই চমকানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে সবংগয়ের সভা থেকে গর্জে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিনের সভা থেকে অভিষেক ক্ষোভ উগরে দিয়ে বলেন, “সাথী আমার ছোট বোনের মতো। তাঁর স্বামী শান্তনু কুইলা এবং ২ বছরের শিশু কন্যাকে গিয়ে ধমকেছে বিজেপির জল্লাদগুলো। যারা আগে সিপিএম করত, এখন জার্সি পাল্টে বিজেপি হয়েছে। তারা শাসিয়ে এসেছে যাতে ২৩ তারিখে ভোট দিতে না বেরোয়।” এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। ৮ জন অভিযুক্তের মধ্যে ১ জন গ্রেপ্তার হয়েছে। অভিষেক বলেন, “নির্বাচন কমিশনের অধীনে এখন জেলা প্রশাসন থাকলেও, আমি প্রশাসনের ওপর আস্থা রাখছি। ৪ তারিখের পর প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যারা এই বাচ্চাকে গিয়ে চমকেছে সাথীকে হেনস্থা করেছে আমি তাঁদের নামগুলো নিয়ে যাচ্ছি। গিরিধারি মণ্ডল, অক্ষয় মণ্ডল, দেবব্রত মণ্ডল, একাদশী মাল, প্রসেনজিত ওঝা, বিশ্বজিৎ ওঝা, কানাই প্রামানিক। নামগুলো সব লিখে নিয়ে গেলাম। ৪ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার গঠন হবে। এদের যদি ঘাড় ধরে সাথীর এবং তার দু বছরের মেয়ের পায়ের কাছে এনে এদের দিয়ে ক্ষমা চাওয়াতে না পারি তাহলে আমি এক বাপের বেটা না। আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।” অভিষেক কটাক্ষ করে বলেন সিপিএমের হার্মাদরা, জার্সি বদলে এখন বিজেপিতে যোগ দিয়েছে।

কদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল কর্মীদের ভোট দিতে না বেরোনোর যে বার্তা দিয়েছিলেন, তার পাল্টা দিতে গিয়ে এদিন সুর চড়ান অভিষেক। অমিত শাহের নাম করে তিনি বলেন, “অমিত শাহ বলেছেন তৃণমূলের লোকেরা ২৩ তারিখ বেরোবেন না। মনে রাখবেন, এই পশ্চিম মেদিনীপুর বিপ্লবীদের মাটি। গুজরাতি গুন্ডার কাছে বাংলা কোনওদিন আত্মসমর্পণ করবে না।” এরপরেই অভিষেক সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “যদি বাপের ব্যাটা হন আর বুকের পাটা থাকে, তবে ৪ জুন ফল ঘোষণার দিন কলকাতায় থাকবেন। দুপুর ১২টার পর দেখা হবে। কত বড় গুণ্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, সেদিনই বুঝিয়ে দেব।” বিজেপির উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে খেলা তোমরা শুরু করেছ, শেষ তৃণমূল করবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, কিন্তু আমি উদার নয়। ”