এশিয়ার ধনীতম ব্যক্তির তালিকায় বড় পরিবর্তন। গৌতম আদানি (Gautam Adani) এবার শীর্ষস্থান দখল করেছেন, পেছনে ফেলেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিকে (Mukesh Ambani)। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুযায়ী, শুক্রবার ১৭ এপ্রিল আদানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯২.৬ বিলিয়ন ডলারে, যেখানে আম্বানির সম্পদ ৯০.৮ বিলিয়ন ডলার।
দীর্ঘদিন ধরেই এই দুই শিল্পপতি সম্পদের নিরিখে একে অপরকে টক্কর দিচ্ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে আদানি গোষ্ঠীর শেয়ারের দামে বড় উত্থান ঘটায় তিনি শীর্ষস্থানে উঠে আসেন। বৃহস্পতিবার থেকেই আদানি গ্রুপের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে শুরু করে, যা বাজারের অন্যান্য সূচককেও ছাড়িয়ে যায়। এর ফলে একদিনেই তাঁর সম্পদ প্রায় ৩.৫৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পায় এবং সেই ধারা শুক্রবারও বজায় রয়েছে।
তবে আদানি গোষ্ঠীকে ঘিরে বিতর্কও কম নয়। মার্কিন শর্টসেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research) অভিযোগ তুলেছিল যে, আদানি গোষ্ঠী বাজারে প্রভাব বিস্তার ও হিসাব জালিয়াতির মাধ্যমে লাভবান হচ্ছে। তাদের রিপোর্ট প্রকাশের পর একসময় আদানি গোষ্ঠীর শেয়ারের দামে বড় পতন দেখা যায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সেবি (Securities and Exchange Board of India)।
বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছেন স্পেস এক্স, এআই, টেসলা সহ একাধিক কোম্পানির মালিক এলন মাস্ক (Elon Musk), যার মোট সম্পদ ৬৫৬ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা তথা অ্যালফাবেট অধিকর্তা ল্যারি পেজ (Larry Page) মোট সম্পদ ২৮৬ বিলিয়ন ডলার, তৃতীয় স্থানে অ্যামাজনের প্রাক্তন অধিকর্তা জেফ বেজোস (Jeff Bezos) মোট সম্পদ ২৬৯ বিলিয়ন ডলার। এছাড়া তালিকার চার ও পাঁচ নম্বরে রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্জেই ব্রিন (Sergey Brin) এবং মেটা অধিকর্তা মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)।
ভারতের ধনীতমদের তালিকায় আদানি ও আম্বানির পরেই রয়েছেন লক্ষ্মী মিত্তল (Lakshmi Mittal), যার মোট সম্পদের পরিমাণ ৩৬.৯ বিলিয়ন ডলার।





