Header AD

‘অভয়ার মাকে শালীনতার বাইরে গিয়ে আক্রমণ নয়’, পানিহাটিতে দলীয় কর্মীদের সৌজন্য বজায় রাখার আবেদন অভিষেকের

ab gopiballavpur

রাজনীতিতে বিরোধী শিবিরকে আক্রমণ করতে কুকথা, কুরুচিকর মন্তব্য নতুন কিছু নয়। তবে তারই মাঝে ব্যতিক্রমী মনোভাব দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার পানিহাটির প্রচার মঞ্চ থেকে দলীয় নেতা-কর্মীদের কাছে শালীনতা সৌজন্য বজায় রাখার আবেদন জানালেন। কর্মীদের প্রতি তাঁর বার্তা, কোনওভাবেই বিজেপি প্রার্থী অভয়ার মাকে আক্রমণ যেন না করা হয়।তিনি বলেন, “আমি সকলকে অনুরোধ করব, বিজেপির প্রার্থীকে কেউ শালীনতার বাইরে গিয়ে আক্রমণ করবেন না। আমাদের দল এটা শেখায়নি। ভদ্রমহিলা আমার মাতৃসম। তিনি তাঁর সন্তানকে হারিয়েছেন। মানুষ দুঃখে, কষ্টে অনেক সময় চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেয়।”

উল্লেখ্য, ইতিপূর্বে পানিহাটিতে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌজন্যের বার্তাই দিয়েছিলেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন অভিষেক। বলেন, “আর জি করের যে ঘটনা ঘটেছিল, সারা বাংলায় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। আমরা সেই লড়াইকে সম্মান জানিয়েছি। ৯ই অগাস্টের ঘটনার পর মুখ্যমন্ত্রী পরিবারকে বলেছিলেন—পরিবার যা বলবে তাই হবে। ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল, সেই সঞ্জয় রায়কে এখনও শাস্তি সিবিআই দিতে পারেনি। প্রায় দেড় বছর ধরে তদন্ত চলছে।”

এই প্রসঙ্গেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “আমরা এটা নিয়ে রাজনীতি করি না। সাধারণ মানুষের দাবি ছিল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আর বিজেপির দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিজেপি এই ঘটনাকে নিয়ে রাজনীতি করেছে, পানিহাটি-সোদপুরের মানুষ এর জবাব দেবে।”

রবিবার পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে রোড শো করেন অভিষেক । রোড শোর পর বক্তব্যে বিজেপির প্রার্থীর উদ্দেশে অভিষেকের আবেদন, “আমি বিজেপির প্রার্থীকে খালি এতটুকু অনুরোধ করব যে, শুনছিলাম আগামী ২৪ তারিখ এখানে প্রধানমন্ত্রী আসবেন। আমাদের আবেদন, আরজি করের মতো ঘটনা যাতে বাংলায় কোথাও না ঘটে, সেই কারণে আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘অপরাজিতা বিল’ এনেছি। রাজ্য সরকার সেই বিল রাজ্যপালের মাধ্যমে দেশের রাষ্ট্রপতিকে দেড় বছর আগে পাঠিয়েছে। আপনি (রত্না দেবনাথ) যদি সত্যিই চান এরকম ঘটনা বাংলায় বা দেশের কোথাও না হোক, তাহলে প্রধানমন্ত্রীকে তাঁর সভামঞ্চে বলবেন রাষ্ট্রপতিকে বলে সেই বিলে সম্মতি দিতে, যাতে অপরাজিতা বিল পাশ হয়।”

অভিষেক আরও বলেন, “আগামী দিনে পানিহাটির দাবি হোক অপরাজিতা বিল চাই। অপরাজিতা বিল যদি পাশ হয়, কোনও ধর্ষক যদি অভিযুক্ত থাকে এবং এভিডেন্স থাকে, ৫০ দিনের মধ্যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আপনারা বলুন এটা হওয়া উচিত- হ্যাঁ কি না?”এরপরই বিজেপিকে সরাসরি নিশানা করে তাঁর মন্তব্য, “যে দল বিলকিস বানু হত্যাকারীদের, ধর্ষকদের মঞ্চে ডেকে মালা পরিয়ে বরণ করে, সে কোনোদিন সুবিচার দেবে? অক্টোবর মাসে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসেছিল, রত্না দেবীর সাথে দেখা করতে গিয়েছিল, দেখা পর্যন্ত করেনি। আমরা ভুলে যাইনি।”