Header AD

বেড়ানোতেও ভোটের কোপ! পর্যটকদের দিঘা–মন্দারমণি ছাড়ার নির্দেশ কমিশনের

ec digha

এবার বেড়ানোতেও ভোটের (West Bengal Assembly Election)কোপ! রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission Of India)। মঙ্গলবার বিকেলের মধ্যেই দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ একাধিক জনপ্রিয় সমুদ্রসৈকত পর্যটকদের খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়েছে।

নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে প্রথম দফার ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত (২৩ এপ্রিল) এই এলাকাগুলির হোটেল ও গেস্ট হাউসে ভিন জেলা বা বাইরের কোনও ব্যক্তি থাকতে পারবেন না। এমনকি কোনও রাজনৈতিক দলের নেতা-কর্মী বা প্রচারকরাও সেখানে অবস্থান করতে পারবেন না। সমুদ্র সৈকত গুলিতে উপস্থিত সমস্ত পর্যটকদের বিকেলের মধ্যে হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত আসনই এই পর্যায়ের অন্তর্গত। রামনগর বিধানসভা কেন্দ্র-এর মধ্যেই পড়ে দিঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর ও শংকরপুরের মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলি রয়েছে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পর্যটকদের ছদ্মবেশে বহিরাগতদের প্রবেশ করে অশান্তি ছড়ানোর সম্ভাবনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভোট চলাকালীন এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখাও এর অন্যতম লক্ষ্য। এই নির্দেশ জারির পর থেকেই স্থানীয় প্রশাসন সক্রিয় হয়ে উঠেছে। দিঘা ও মন্দারমণি উপকূল থানা এলাকায় মাইকে প্রচার চালিয়ে পর্যটকদের বিকেল ৫টার মধ্যেই এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

এছাড়া জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ২২৩ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।