Header AD

‘ভোটের দিন বাংলায় এসেছে হাওয়া গরম করতে!’ চৌরঙ্গী থেকে মোদি-শাহকে তোপ মমতার

cm chourangee

প্রথম দফার ভোটের দিনও বঙ্গে প্রচার ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়াল। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)কৃষ্ণনগর, মথুরাপুর ও হাওড়ায় জনসভা করেছেন। প্রত্যকটি সভা থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলকে একের পর এক আক্রমণে বিদ্ধ করেছেন । পাশাপাশি অমিত শাহ (Amit Shah) বাংলায় ভোট প্রচারে তিনটি সভা করেন। এবার তার পালটা দিলেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার বিকেলে চৌরঙ্গীর জনসভায় তা নিয়ে পালটা আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মোদিকে কটাক্ষ করে তিনি বললেন,‘‘কোন সাহসে ভোটের দিন এসে এখানে প্রচার করছে! এসেছে হাওয়া গরম করতে।”

বিকেলে চৌরঙ্গীতে দলের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে গিয়ে মমতা বলেন, ‘‘আজ সকাল থেকে এসেছিল হাওয়া গরম করতে। বিজেপির এজেন্ট তো নেই। ও তো এজেন্সি। চমকাতে এসেছিল প্রশাসনকে, যাঁরা এখন ওঁদের হয়ে কাজ করছেন তাঁদের।’’একই সঙ্গে বিজেপি-কে নিশানা করে তিনি বলেন, ‘‘ভোটের দিন এখানে এসে বলছেন আপনারা জিতছেন! কী ভাবে বলছেন? এটা তো জনগণ ঠিক করবেন। এত মহামুর্খ হন কী ভাবে! তা হলে কি ইভিএম মেশিন ফিট করে রেখে দিয়েছেন? না হলে বলেন কী ভাবে যত ভোট পড়ছে সব আপনার?আবার বলছেন বিকেলের পর থেকে ঝামেলা হবে। তাহলে কি CRPF ঝামেলা করবে? কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা মারার প্ল্যান রয়েছে? ’’

এরপরই রাজ্যের ভোটে কেন্দ্রীয় বাহিনী ও এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে তিনি বলেন, “কী আনেনি বলুন তো? BSF,CBI,CRPF,ED-আমাকে একজন বললেন, দিদি গ্রামে এখন হরিনাম শোনা যাচ্ছে না। আজানের শব্দ শোনা যাচ্ছে না। শুধু শোনা যাচ্ছে গট গট করে বুটের শব্দ। যেন যুদ্ধ, হল্লাবাহিনী এসেছে। তোমরা সাঁজোয়া গাড়ি নিয়ে এসেছ। পহেলগাঁওয়ের সময় কোথায় ছিল তোমাদের সাঁজোয়া গাড়ি?’’

ভোটের আবহে রাজ্যে প্রশাসনিকস্তরে কমিশনের ব্যাপক রদবদল নিয়েও ক্ষোভপ্রকাশ করে তিনি অভিযোগ করেন,‘নবান্নকে তছনছ করে দিয়েছে।’কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করে তিনি বলেন, ‘‘এসআইআরের নাম করে ক্ষমতায় নিয়ে নিয়েছে। ওদের লোক বসিয়েছে। ওরা আমার সঙ্গে যোগাযোগও রাখে না। কোনও ঘাপলা হলে সব ওদের ঘাড়ে যাবে। আমি সামলাব, আর তোমরা হামলা করবে, তা হতে পারে না।’’

এসআইআর পরবর্তী ভোট প্রক্রিয়ায় রাজ্যেজুড়ে এখন পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে। এই বিপুল ভোট পড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী জনসভা থেকে বলেন, “এসআইআরের পর সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাঁরা জানেন এই ভোট, অধিকার রক্ষার লড়াই।” তার পরেই মমতা বলেন, ‘‘বাংলার মানুষ জানে কী ভাবে ভোট রক্ষা করতে হয়।’’