Header AD

তীব্র গরমে ভোট দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! চার জেলায় প্রাণ হারালেন চার ভোটার

voter death

বৃহস্পতিবার সকাল থেকে প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রথম দফার ভোটগ্রহণ। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চলছিল। কিন্তু সকাল গড়াতেই বিভিন্ন জেলা থেকে একের পর এক দুঃসংবাদ সামনে আসে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা ও বীরভূম—এই চার জেলায় তীব্র গরমে ভোট দিতে গিয়ে প্রাণ হারান চারজন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ার ফলেই এই মৃত্যুগুলি ঘটেছে।

বৃহস্পতিবার ভোর থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন চোখে পড়ে। তীব্র রোদ উপেক্ষা করেই বহু মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে লাইনে দাঁড়িয়ে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপও বাড়তে থাকে, ফলে গরমজনিত অস্বস্তি চরমে পৌঁছয়। আবহাওয়া দপ্তর আগেই সতর্ক করেছিল যে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে—এদিন সেই আশঙ্কাই সত্যি হল।

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে নৃপেন্দ্র দাস নামে এক ব্যক্তি ভোটের লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অজ্ঞান হয়ে গেলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ইসরাতন বিবি নামে এক মহিলা ভোট দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এছাড়া বীরভূমের সিউড়ির ডাঙ্গালপাড়ার বাসিন্দা অসীম রায় ভোট দিতে যাওয়ার পথে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। অন্যদিকে মালদহের মালতিপুরে প্রমিলা বাগদি ভোটকেন্দ্রে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন এবং পরে তিনিও প্রাণ হারান।

তীব্র গরমের মধ্যে ভোটগ্রহণ ঘিরে এই মর্মান্তিক ঘটনাগুলি নতুন করে প্রশ্ন তুলছে ভোটের সময় নিরাপত্তা ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে।