ভোটপ্রচারে (West Bengal Assembly Election) বেরিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন বিনপুরের তৃণমূল প্রার্থী (Trinamool Candidate) তথা বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda) । শুক্রবার গভীর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়া থানার অন্তর্গত বীরশিবপুর উড়ালপুলের উপর এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঝাড়গ্রাম থেকে কলকাতায় নির্বাচনী কর্মসূচিতে যোগ দিতে সড়কপথে রওনা দিয়েছিলেন তিনি। রাত প্রায় বারোটা নাগাদ তাঁর কনভয়ে থাকা পুলিশের পাইলট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় গাড়িতে থাকা এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং এক কনস্টেবল আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বীরবাহা হাঁসদা, পুলক রায় এবং উলুবেড়িয়া পূর্বের তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। আহতদের খোঁজখবর নিয়ে পরে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বীরবাহা হাঁসদা। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গেলেও এই দুর্ঘটনা নির্বাচনী প্রচারের মাঝেই প্রার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।




