শনিবার ভোরবেলায় আচমকা ভয়াবহ কালবৈশাখীর (Thunder Storm) দাপটে তছনছ হয়ে গেল আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বিস্তীর্ণ অংশ। সকাল সাতটা নাগাদ শুরু হওয়া এই ঝড়-বৃষ্টির সঙ্গে ছিল তীব্র দমকা হাওয়া ও ব্যাপক শিলাবৃষ্টি, যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঝড়ের তাণ্ডবে জলদাপাড়া জাতীয় উদ্যান এলাকায় বহু বড় গাছ উপড়ে পড়ে। এর ফলে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে যায়। একইসঙ্গে জেলার বিভিন্ন জায়গায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে।
অন্যদিকে বক্সা টাইগার রিজার্ভ-এর দমনপুর এলাকায় একটি রিসর্টের উপর বিশাল শালগাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যদিও সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও প্রাণহানির খবর মেলেনি। ঝড়ে উপড়ে পড়া গাছের কারণে আলিপুরদুয়ার শহর থেকে ৩১সি জাতীয় সড়কে যাওয়ার গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা বিএফ রোডও বন্ধ হয়ে যায়, ফলে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। পাশাপাশি শহরের সূর্যনগর এলাকায় রাস্তায় জল জমে ভোগান্তির শিকার হন স্থানীয় মানুষজন।
প্রশাসন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার কাজে নেমেছে। তবে এর আগে, ভোটের ঠিক আগে মঙ্গলবার সন্ধ্যাতেও একইভাবে কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়েছিল গোটা জেলা। সেসময় একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। সেই পরিস্থিতি পুরোপুরি সামলে ওঠার আগেই ফের নতুন করে এই দুর্যোগে সমস্যার সম্মুখীন ওই জেলার বহু এলাকা।





