শনিবার দুপুরে দক্ষিণ শহরতলির আক্রা সন্তোষপুরের (Santoshpur Acra Fire) ষোলো বিঘা বসতিতে আচমকাই ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ শুরু হওয়া এই অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে গোটা এলাকা গ্রাস করে নেয়। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে ৫০-৬০টি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, আতঙ্কে ঘরছাড়া হন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় দমকলকর্মীদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বসতিতে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন রেললাইনের দিকে দ্রুত ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, বসতিটি বজবজ-শিয়ালদহ রেললাইনের একেবারে পাশেই হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে রেল অবকাঠামোতেও। এর জেরে ওভারহেড তার পুড়ে যায় এবং বন্ধ করে দেওয়া হয় বজবজ-শিয়ালদহ শাখার ট্রেন চলাচল।
এই ঘটনায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করেছে পূর্ব রেল। পূর্ব রেলের (Eastern Railway) মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি জানিয়েছেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞদের একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, রেললাইনের ধারে গড়ে ওঠা বসতিগুলিতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে, যা রেল চলাচলে প্রভাব ফেলে। এই সমস্যা মোকাবিলায় রেলের তরফে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।





