উত্তরপাড়ার নির্বাচনী (West Bengal Assembly Election)সভা থেকে ফের একবার বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)আক্রমণ করেন তিনি। অমিত শাহকে ‘মোটা ভাই’ বলে কটাক্ষ করে তিনি বলেন, “নন্দীগ্রামে সিআরপিএফকে ভোট লুট করতে পাঠিয়েছিলেন, তাঁকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও। যাতে মানুষ ভোট দিতে না পারে। আমার ভবানীপুরে দায়িত্ব দিয়েছে। আমার বয়েই গেছে। তোরা কাঁচকলা করবি আমার।” পাশাপাশি তাঁর অভিযোগ, ভবানীপুরে বহিরাগত ঢুকিয়েছে বিজেপি (BJP)।
উত্তরপাড়ার সভা থকে ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, “গতকালও বাসে করে লোক আনা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি,ওদের লোক নেই। ট্রেনে-বাসে করে লোক ঢুকেছিল। ভবানীপুরেও কাল বাস ঢুকেছিল। আমরা ভাল করে মিষ্টি খাইয়েছি। বলেছি আবার খাওয়াব। যা যা চায়, তা-ই খাওয়াব।’’এর পরিপ্রেক্ষিতে শাহর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘‘আমরা চেয়ারকে রেসপেক্ট করি। কিন্তু কী করে আপনি বলছেন… আপনি আরও ঘুরুন। আপনার জন্য আমাদের ভোট আরও বাড়বে। কিন্তু আপনি কী করে বলছেন, উলটো করে ঝুলিয়ে দেওয়া হবে। সোজা করা হবে। হিংসার কথা বলছেন! আমি জানি, এঁদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেবে না। কিন্তু আইনজীবী যাঁরা আছেন, তাঁদের বলছি কেস করুন। এ কথা হোম মিনিস্টার বলতে পারেন না। আমিও বলতে পারি না। আইন সকলের জন্য এক। আরে ঘরে ঘরে তো তৃণমূল। এত লোককে পেটাবেন!’’এরপরই বিজেপির বিরুদ্ধে তাঁর কটাক্ষ, “দেখেছেন বিজেপি কেমন খেপে গেছে! খুব চাপ, দৌড়োদৌড়ি করছে কেমন! আজ নাকি ৫০টা হেলিকপ্টার আকাশে উড়ছে। আমরা তিনটে জোগাড় করতে হিমশিম খাচ্ছি। ওদের ৫০টা হেলিকপ্টার, ১৯টা চিফ মিনিস্টার, কেন্দ্রীয় সরকারের সব মিনিস্টার, কেন্দ্রীয় বাহিনী, সাঁজোয়া গাড়ি, ইডি-সিবিআই সব নিয়ে চলে এসেছে।’’
সভা থেকে পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পুলিশের অতিসক্রিয়তায় রুষ্ট হয়ে তিনি বলেন, ‘‘পুলিশ ভাইয়েরা আপনাদের এত সক্রিয় হওয়ার দরকার নেই। পরশু তো আমার বিধানসভা ভবানীপুরেও এক কর্মীকে পিটিয়েছে।’’ রোদ থেকে ছায়ার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে আসার সময় এই মন্তব্য মমতার। বললেন, গরমে চার জন মারা গিয়েছেন ভোটের দিন। পুলিশের এত সক্রিয়তার প্রয়োজন নেই। তিনি বলেন, ‘‘এক-এক জন করে ঢোকাচ্ছেন। আমার টাইমের দাম নেই বুঝি? আমারও আরও মিটিং আছে।’’
ভোটের ফলাফল নিয়ে প্রত্যয়ী মমতা মোদিকে কটাক্ষ করে বলেন, ‘‘ক’দিন আগে ঝালমুড়ি খেয়েছেন। বলছেন, আমি ঝালমুড়ি খেয়েছি, তৃণমূলের ঝাল লেগেছে। আরে আমাদের কেন ঝাল লাগবে। ঝালমুড়ি তো বাড়ি থেকে তৈরি করা। যে দোকানে গেছ, সেখানে আগে গিয়ে ক্যামেরা ফিট করে এসেছ। স্পন্টেনিয়াস হলে ক্যামেরা ফিট করা থাকত না। আবার বলছে, ঝাল লেগেছে! ঝাল লাগেনি আমাদের। কাউন্টিংয়ের সময় ঝাল তো লাগবে তোমাদের। তখন জ্বলবে আর লুচির মতো ফুলবে।’’





