চলতি বিধানসভা নির্বাচনকে (Election 2026) কেন্দ্র করে ফের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। দেশের বিভিন্ন বিরোধী দলের নেতারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)পাশে সমর্থনের বার্তা দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও নবাগত রাজনৈতিক নেতা বিজয় (Thalapathy Vijay)।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও সংগ্রামের প্রশংসা করতে দেখা যায় বিজয়কে। এক জনসভায় তিনি বলেন, নির্বাচন কমিশনের (ECI) নানা চাপ ও প্রতিকূলতার বিরুদ্ধে যেভাবে মমতা দৃঢ়ভাবে লড়াই করছেন, তা তাঁর কাছে অনুপ্রেরণার উৎস। একই সঙ্গে তিনি তামিলনাড়ুর মানুষকেও ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান। রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মাধ্যমে বিজয় স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর রাজনৈতিক লড়াইয়ের পথ চলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী মনোভাব বিশেষ প্রভাব ফেলেছে।
উল্লেখ্য, জাতীয় রাজনীতির বিরোধী শিবিরের একাধিক নেতা ইতিমধ্যেই মমতার পাশে দাঁড়িয়েছেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav), আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) এবং বিহারের তরুণ নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)-সহ অনেকেই প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
অন্যদিকে, তামিল রাজনীতিতে নতুন দল গঠন করে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিজয়। তাঁর রাজনৈতিক কর্মসূচি ও জনসভাগুলিতে বিপুল জনসমাগম দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর রাজনীতিতে তিনি আগামী দিনে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে পারেন। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরা নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।





