বাঁকুড়ায় ভোটের দায়িত্ব পালন করার পর অসুস্থ হয়ে এক বিএলও কর্মীর মৃত্যুর (BLO death) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম শম্পা লাই পরামাণিক। তিনি মৌলাডাঙা গ্রামের বাসিন্দা এবং আইসিডিএস কর্মী হিসেবে কাজ করতেন। পরিবারের অভিযোগ, ভোটের দিন প্রচণ্ড রোদ ও তাপপ্রবাহের মধ্যে দীর্ঘ সময় বুথের বাইরে বসে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পর্যাপ্ত পানীয় জল বা প্রাথমিক চিকিৎসার কোনও ব্যবস্থা ছিল না বলেও দাবি পরিবারের।
জানা গিয়েছে, গত ২৩ এপ্রিল বাঁকুড়া (Bankura) বিধানসভার বাঁকুড়া টাউন বয়েজ হাই স্কুলের ৮৭ নম্বর বুথে বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন শম্পা। দিনভর কঠিন আবহাওয়ার মধ্যেই নিজের দায়িত্ব সামলান তিনি। ভোটের কাজ শেষ করে বাড়ি ফেরার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। একাধিকবার বমি করেন তিনি এবং বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল।
শনিবার সকালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই পথে মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় নির্বাচন কমিশনের (ECI) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতার পরিবার ও সহকর্মীরা। তাঁদের অভিযোগ, ভোটকর্মীদের জন্য ন্যূনতম বিশ্রাম, পানীয় জল কিংবা প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা না থাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সহকর্মীদের একাংশও বিএলওদের প্রতি দায়িত্ব পালনের সময় অমানবিক আচরণের অভিযোগ তুলে ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন।




