ভোটবঙ্গে নির্বাচনী প্রচারে মানবিক মমতা! বিরোধীদের আক্রমণের ‘অস্ত্র তুলে রেখে’ অসুস্থের সেবায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার এই দৃশ্য বাঙালি দেখল বেহালা চৌরাস্তার জনসভায়। তীব্র গরমে অসুস্থ এক মহিলা সমর্থকের নাড়ি পরীক্ষা করলেন। তাঁর দ্রুত চিকিৎসার জন্য দিয়ে দিলেন নিজের গাড়িও।
দ্বিতীয় দফার নির্বাচন (WB Assembly Election 2026) উপলক্ষে শনিবার বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এবং বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাঁজালো স্বরে সভা থেকে আক্রমণ শানাচ্ছিলেন বিজেপির উদ্দেশে। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে এক মহিলা সমর্থককে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে তৎপর হয়ে ওঠেন তৃণমূল নেত্রী। জানতে চান কী হয়েছে তাঁর। তাঁকে হাওয়া করার ও জল দেওয়ার পরামর্শ দেন।
এরপর নিজেই এগিয়ে গিয়ে নাড়ি পরীক্ষা করেন অসুস্থ ওই মহিলার। প্রাথমিক পরীক্ষার পর মুখ্যমন্ত্রী বলেন, ওনার প্রেসার কমে গিয়েছে। তিনি জল খাবেন কিনা জানতে চান? পাশাপাশি ওই মহিলার দ্রুত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সভামঞ্চে দাঁড়িয়েই তিনি বলেন, “আমার গাড়িটা ওঁকে দিচ্ছি। ওই গাড়িতে করে দ্রুত ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক। ওনাকে গাড়িতে করে এখান থেকে বের করে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি বক্তব্য শুরু করব না।” এরপরই তাঁর নির্দেশ “ ওঁকে এসএসকেএম-এ নিয়ে যাও। আমি বলে দিচ্ছি।” তাঁর নির্দেশের পর অসুস্থ ওই মহিলা সমর্থককে দ্রুত গাড়িতে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এরপর এদিনের সভা থেকে বিজেপি ও কমিশনের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। ভোটের জন্য কমিশন অধিকাংশ যানবাহন রাস্তা থেকে তুলে নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “রাস্তায় আসার সময় দেখলাম কত মানুষ দাঁড়িয়ে রয়েছে। অফিস থেকে বাড়ি ফিরতে পারছে না। রাস্তায় গাড়ি নেই। কমিশন সব নিয়ে নিয়েছে। এখন তো আমার হাতে কোন ক্ষমতা নেই। তাই আমি কিছু করতে পারছি না। কিন্তু এত মানুষের দুর্ভোগ দেখে আমার কষ্ট হচ্ছে”। এই সমস্ত অত্যাচারের জবাব গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে দিতে হবে বলেও দাবি করেন তিনি।




