Header AD

‘কলকাতাকে ঝুপড়ি বলছে!’ বিজেপিকে বিঁধে পাল্টা মমতার, ‘গরীবদের থাকার অধিকার আছে’

cm burabazar

‘‘ভরসা রাখুন। ১৪ বছর রয়েছি, দেখেছেন কোনও গড়বড় হয়েছে? জুমলা করেছে কেউ? বিজেপি বলছে, মহিলারা বাংলায় রাস্তায় চলতে পারে না। বলছে কলকাতায় সব ঝুপড়ি। এখানে গরিবদের থাকারও অধিকার রয়েছে। আগে দিল্লি সামলাও। পহেলগাঁও সামলাও। বাংলায় ভোটে সাঁজোয়া গাড়ি এনেছে।পহেলগাঁও-এ যখন হামলা হল, সাঁজোয়া গাড়ি কেন পাঠাওনি? এখানে কেন পাঠালে?’’রবিবার ক্যামাক স্ট্রিটের সভা থেকে এই ভাষাতেই ফের বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের সভা থেকে তিনি বিজেপিকে বিঁধে সম্প্রীতির বার্তা দিয়ে বললেন, ‘‘যত উৎসব হবে, সকল ব্যবসায়ীর আয় বাড়বে। বাংলায় আমরা ভেদাভেদ করি না বিজেপির (BJP) মতো। আমি সকলকে ভালবাসি।’’

সভা থেকে ভবানীপুরের মানুষের জন্য কী করেছে তাঁর সরকার, সেই খতিয়ান দিলেন মমতা। পাশাপাশি কেন্দ্রের জিএসটি নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘‘সস্তায় চিকিৎসা হয় এসএসকেএমে। আমরা কোনও কর বৃদ্ধি করিনি। কেন্দ্রীয় সরকার করে। জিএসটি কর ছিনিয়ে নেয়।’’এর পরিপ্রেক্ষিতে এলাকার ব্যবসায়ী ও সাধারন মানুষের প্রতি তাঁর বার্তা,‘‘ট্রেডার্সের কমিটি করে দিয়েছি, যাতে কারও সমস্যা না হয়। অনেকেই কাজ করেন, কিন্তু তাঁদের বিমা নেই। আমরা সামাজিক সুরক্ষা প্রকল্প করেছি তাঁদের জন্য। মেয়ের বিয়ে হলে, সন্তানের পড়াশোনার জন্য তাঁরা টাকা পাবেন।’’

রাজ্যের প্রথম দফার ভোটে তৃণমূল জয় সুনিশ্চিত করেছে বলে দাবি করে মমতা বলেন,‘‘প্রথম দফায় সেঞ্চুরি করেছি, দ্বিতীয় দফায় আবার করব। বিজেপি ভয় পেয়েছে। তাই কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেছে। সব ওসি বদলেছে। গুন্ডামি করছে। নিজের ভোট নিজে দিন। ভোটার স্লিপ রেখে দিন, যাতে এনআরসি করতে না পারে।’’সেই সঙ্গে দলীয় কর্মী ও সাধারন মানুষের প্রতি তাঁর সতর্কবার্তা,‘‘এখানে ২ লক্ষ পুলিশ পাঠিয়েছে। কাল ২টো ঘটনা শুনেছি। কম্বলে মুড়িয়ে অপরাধীদের নিয়ে যাচ্ছে। যেখানে ভোট হয়েছে, সেখানে গিয়ে ইভিএম মেশিন দখল করবে বলে। যেখানে ভোট হয়ে গিয়েছে, সেখানে নজর রাখুন।’’