আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনকে (West Bengal Assembly Election) সামনে রেখে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি কুরুচিকর ভিডিও ভাইরাল হওয়ায় দ্রুত পদক্ষেপের নির্দেশ দিল ভারতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India)। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভিডিওটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ঘিরে। বিষয়টি নজরে আসতেই পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে।
এদিকে দ্বিতীয় দফার ভোট ঘিরে বাড়তি সতর্ক কমিশন। একাধিক নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত ওয়েবকাস্টিং ক্যামেরা চালু রাখতে হবে, আর সবকিছু শেষ হওয়ার পরেই তা খুলতে হবে—এ কথা স্পষ্টভাবে জানানো হয়েছে।
এই দফায় সবচেয়ে আলোচিত কেন্দ্র ভবানীপুর, যেখানে মুখোমুখি লড়াইয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি চক্রবেড়িয়ায় দুই পক্ষের প্রচারকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। মুখ্যমন্ত্রীর সভাস্থলের কাছে বিজেপির মাইক প্রচারে ক্ষুব্ধ হয়ে বক্তব্য না দিয়েই সভাস্থল ছাড়েন তিনি। এরপরই তাঁর বিরুদ্ধে কুরুচিকর ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে।
কমিশন এ বিষয়ে কড়া অবস্থান নিয়েছে। পাশাপাশি ভোট প্রক্রিয়া নিয়েও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ। ভোট শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যেই ভিভিপ্যাট স্ট্রং রুমে জমা দিতে হবে—প্রথম দফায় দেরির অভিযোগ উঠেছিল, তাই এবার আর কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে কমিশন। প্রিসাইডিং অফিসারদেরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে সমস্ত প্রক্রিয়া নিয়ম মেনে সম্পন্ন হয় এবং ভোটগ্রহণের প্রতিটি ধাপ সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয়।





