ভোটের আবহে (ElectioninBengal) কলকাতায় বড়সড় অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকেলে কলকাতা পুলিশের এস টি এফ (Kolkata Police Special Task Force)-এর অভিযানে চিৎপুর থানার অন্তর্গত বিটি রোড সংলগ্ন এলাকা থেকে শামিম আলম নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর এলাকায় অভিযান চালায় এসটিএফ। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তিনটি ওয়ান-শটার বন্দুক, একটি ৭ এমএম পিস্তল, চারটি খালি ম্যাগাজিন এবং মোট ১১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এর মধ্যে ১৪ রাউন্ড ৮ এমএম এবং ১০০ রাউন্ড ৭ এমএম কার্তুজ ছিল বলে জানা গিয়েছে।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস এবং এগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত সন্তোষজনক কোনও ব্যাখ্যা মেলেনি বলে তদন্তকারীদের দাবি। ফলে ভোটের মুখে এত বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পিছনে কোনও অস্ত্র পাচারচক্র সক্রিয় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
নির্বাচনের আগে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। নির্বাচন কমিশনের (ECI) নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতায় অস্ত্র উদ্ধারের ঘটনা নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।





