Header AD

দ্বিতীয় দফার আগে নতুন সংযোজন ১৪৬৮! ট্রাইবুনালে পাশেদের তালিকা প্রকাশ কমিশনের

supplementary lisst

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্বিতীয় দফার ভোটের (West Bengal Assembly Election) আগে ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission Of India)। ট্রাইবুনালে জমা পড়া আবেদনগুলির নিষ্পত্তির ভিত্তিতে নতুন করে ১৪৬৮ জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে। একই সঙ্গে ৬ জনের নাম বাদও দেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় সবচেয়ে বেশি সংযোজন হয়েছে কলকাতা দক্ষিণে—৬৭৭ জন। কলকাতা উত্তরে যুক্ত হয়েছে ৫৯৬ জনের নাম। এছাড়া হাওড়ায় ৭৭ জন, নদিয়ায় ৩৯ জন, উত্তর ২৪ পরগনায় ৩৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩০ জন, পূর্ব বর্ধমানে ৮ জন এবং হুগলিতে ৭ জন নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সাতটি জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। সদ্য প্রকাশিত এই অতিরিক্ত তালিকায় যাঁদের নাম যুক্ত হয়েছে, তাঁরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছে কমিশন।

নিয়ম অনুযায়ী, ভোটের আগে নির্দিষ্ট সময়েই ভোটার তালিকা ‘ফ্রিজ়’ হয়ে যায়। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, ভোটের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনালে যেসব আবেদন নিষ্পত্তি হবে এবং যাঁরা বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পাবেন, তাঁদের নাম তালিকায় যুক্ত করতে হবে। সেই নির্দেশ অনুযায়ীই কমিশন এই পদক্ষেপ নিয়েছে। জানা গেছে, সোমবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, প্রথম দফার ভোটের আগেও ২১ এপ্রিল একইভাবে একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। তখন ১৩৯ জন নতুন ভোটারের নাম যুক্ত হলেও ৮ জনের নাম বাদ পড়েছিল। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ সংশোধনের সময় প্রায় ৬০ লক্ষাধিক নাম বিবেচনাধীন ছিল। পরবর্তীতে আদালত জানায়, যাঁদের নাম বাদ পড়েছে তাঁরা অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। সেই প্রক্রিয়ার মাধ্যমেই ধাপে ধাপে নতুন নাম যুক্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তার পর থেকেই পর্যায়ক্রমে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হচ্ছে। এবার দ্বিতীয় দফার ভোটের আগে সেই ধারাবাহিকতায় নতুন তালিকা সামনে আনল নির্বাচন কমিশন।