খড়্গপুরের IIT (Indian Institute of Technology Kharagpur)-তে আবারও ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা! এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে শিক্ষাঙ্গনে। মাত্র ১০ দিনের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা।
মঙ্গলবার ২২ বছর বয়সী এক এমটেক পড়ুয়ার দেহ উদ্ধার করা হয় ‘মদনমোহন মালব্য হল’ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের নাম সোহম হালদার। তিনি উত্তর ২৪ পরগনার বারাসতের শালবাগান এলাকার বাসিন্দা এবং আইআইটি খড়্গপুরে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক করছিলেন। ওই হস্টেলেই থাকতেন তিনি।
সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় সহপাঠীরা সন্দেহ করেন এবং বিষয়টি নিরাপত্তারক্ষীদের জানান। দরজা খুলতেই ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় ছাত্রের দেহ দেখতে পান তাঁরা। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পরে দেহ উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও গত ১৮ এপ্রিল আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে আরেক ছাত্র জয়বীর সিংহ ডোডিয়ার মৃত্যু হয়। তিনি ‘অটল বিহারী বাজপেয়ী হল’এর আট তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে অভিযোগ। আহমেদাবাদের বাসিন্দা ওই ছাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষে পড়তেন এবং ‘নেহরু হল’-এ থাকতেন। সেই ঘটনাতেও তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত বছরেও আইআইটি খড়্গপুরে মোট সাতজন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। সম্প্রতিক এই ঘটনা গুলি উদ্বেগ আরও বাড়িয়েছে।





