মুম্বইয়ের মিরা রোড (Mira Road Attack) এলাকায় দুই নিরাপত্তারক্ষীর উপর ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক জুবের আনসারি চরমপন্থী মতাদর্শে প্রভাবিত ছিলেন এবং ইসলামিক স্টেট (ISIS)-এর ভাবধারার সঙ্গে তাঁর যোগাযোগ বা অনুপ্রেরণার সূত্র খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis)।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Chief minister of Maharashtra) জানিয়েছেন, এই হামলা আপাতদৃষ্টিতে এককভাবে সংঘটিত হলেও এর পিছনে বৃহত্তর কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বাড়ি থেকে সন্দেহজনক বইপত্র ও কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে বলেও তিনি জানান। তাঁর দাবি, অভিযুক্ত কট্টরপন্থায় জড়িয়ে পড়ে ধর্মের নামে হিন্দুদের উপর হামলার পরিকল্পনা করেছিল।
ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল নাগাদ। নির্মীয়মাণ একটি ভবনে কর্মরত দুই নিরাপত্তারক্ষী—রাজকুমার মিশ্র ও সুব্রত সেনের কাছে এসে অভিযুক্ত প্রথমে তাঁদের ধর্মীয় পরিচয় জানতে চায়। পরে ধর্মীয় মন্ত্র পাঠ করতে বলে। তাঁরা অস্বীকার করলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে রাজকুমার গুরুতর আহত হন এবং সুব্রতও আঘাত পান।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জুবের আনসারিকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত নিয়মিত জঙ্গি সংগঠন ISIS-এর প্রচারমূলক ভিডিও দেখত এবং সেই মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে এই হামলা চালিয়ে থাকতে পারে।
বর্তমানে এন আই এ (National Investigation Agency) এবং সন্ত্রাস দমন স্কোয়াড যৌথভাবে ঘটনার তদন্ত করছে। এই ঘটনার সঙ্গে কোনও বড় চক্র জড়িত আছে কি না, তা জানার জন্য তদন্ত আরও বিস্তৃত করা হয়েছে।




