পূর্বনির্ধারিত সূচি মেনেই বুধবার সকালে মিত্র ইনস্টিটিউটে ভোট (WB 2nd Phase Election 2026) দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোট দিয়ে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একযোগে তৃণমূল ও নির্বাচন কমিশনকে তোপ দাগলেন তিনি। বললেন, “ভয় দেখিয়ে লাভ নেই। বিজেপি প্রথম দফায় কুপোকাত হয়েছে। দ্বিতীয় দফায় দফারফা হবে।” কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ অবর্জাভাররা এক্তিয়ার বহির্ভূত কাজ করছে বলেও অভিযোগ করলেন তিনি।পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি অভিযোগ করলেন, “বাংলার ভোটে শুধু যুদ্ধ বিমান রাফায়েল নামাতে বাকি রেখেছেন। এটা ভোট হচ্ছে না যুদ্ধ?”
বুধবার সকাল আটটায় মিত্র ইনস্টিটিউটে পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট (WB 2nd Phase Election 2026) দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই তিনি বঙ্গভোটে কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দেন। বলেন, শুধুমাত্র যুদ্ধ জাহাজ আর রাফায়েল যুদ্ধবিমান পাঠানো বাকি রয়েছে? ওগুলোও পাঠিয়ে দিন। যেগুলো পাকিস্তান আর বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার কথা সেগুলো বাংলার মানুষের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে। কারা বাংলায় ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরি করছে সেটা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে।এর জবাব মানুষ দেবে।ভোটারদের ওপর লাঠিচার্য করা হচ্ছে। তাহলে আপনারাই তো ভয় দেখাচ্ছেন। আমরা সাধারণ মানুষকে বলছি ভয় না পেয়ে নিজের ভোটটা দিন।” পাশাপাশি অভিযোগ উঠছে মঙ্গলবার রাতে ভবানীপুরের কাউন্সিলর অসীম বসুর বাড়িতে তাণ্ডব চালায় কেন্দ্রীয় বাহিনী। সেপ্রসঙ্গে মুখ খোলেন অভিষেক। বলেন, “কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিক ভাবে এই কাজ করছে। এটা ওদের এক্তিয়ারের বাইরে। লাগাতার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে চলেছে।” এরপরই আত্মবিশ্বাসী ভঙ্গিতে অভিষেক বলেন, “কোনও লাভ হবে না। প্রথম দফায় বিজেপি কুপোকাত হয়েছে। দ্বিতীয় দফায় দফারফা হবে। বাড়ি বাড়ি গিয়ে রেড করা যায় না এভাবে। যা করছে তাতে মুখ থুবড়ে পড়বে।”
উল্লেখ্য, বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের ১৪২ টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব। ঘণ্টাখানেকের মধ্যে অর্থাৎ সকাল ৮টা নাগাদ আচমকা কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। যা বাংলার নির্বাচনী পরিবেশে সম্পূর্ণ নতুন ছবি। সাধারণত ভোটের দিনগুলিতে তৃণমূল সুপ্রিমো বাড়িতেই থাকেন। শেষবেলায় নিজে ভোট দিতে যান এবং ভোট শেষের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। কিন্তু এবারই ব্যতিক্রম ঘটল। সকাল থেকেই ভবানীপুরের বুথে বুথে ঘুরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭১, ৮২ নং বুথে যান। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপ দেগে তাঁর বক্তব্য, ভোটের আগের রাতে বাহিনী তাণ্ডব চালিয়েছে, সারারাত তিনি এবং অভিষেক খোঁজখবর নিয়েছেন।সেই কারণেই সকালে তাঁর বেরিয়ে পড়া বলে জানান তিনি।




