Header AD

মধ্যপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা! পিকআপ ভ্যান ও গাড়ির সংঘর্ষে মৃত ১২, আহত ২০

Madhya Pradesh Road accident

বুধবার গভীর রাতে মধ্যপ্রদেশে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা (Severe accident in Madhya Pradesh)। পিকআপ ভ্যান ও একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১২ জন শ্রমিক, আহত হয়েছেন অন্তত ২০ জন। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে, পাশাপাশি ক্ষতিপূরণের কথা জানিয়েছে রাজ্য সরকারও।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মধ্যপ্রদেশ এর ধর জেলার বাগ্গাদ এলাকায় একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন প্রায় ৩৫ জন শ্রমিক। রাত প্রায় ৯টার পর দ্রুতগতিতে চলতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং উলটোদিক থেকে আসা একটি এসইউভির সঙ্গে সজোরে ধাক্কা খায়। মুখোমুখি সংঘর্ষের জেরে পিকআপ ভ্যানটি উলটে যায়। তীব্র ধাক্কায় শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়েন, ঘটনাস্থল রক্তাক্ত হয়ে ওঠে। বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

এলাকার বাসিন্দারাই প্রথমে পুলিশে খবর দেন এবং প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ এসে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা ১২ জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। আহত অন্তত ২০ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশ-এর ধর জেলার কালেক্টর অভিষেক চৌধুরী জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোদি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। মৃতদের পরিবার পাবে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ হাজার টাকা করে। এছাড়াও মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব (Dr Mohan Yadav) ও ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং অন্যান্য আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।