মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ (Middle East Tensions) পরিস্থিতির মাঝেই হরমুজ প্রণালীকে (StraightofHormuz) ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টত্রাম্প(Donald Trump) নিজের সমাজমাধ্যম Truth Social-এ একটি সংশোধিত মানচিত্র শেয়ার করেছেন, যেখানে হরমুজ প্রণালীর নামের জায়গায় লেখা হয়েছে ‘ট্রাম্প প্রণালী’। এই পোস্টে তিনি কোনও আলাদা মন্তব্য বা ব্যাখ্যা দেননি, তবে বিষয়টি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
জানা গিয়েছে, মানচিত্রটি প্রথমে ‘আই স্ট্যান্ড উইথ ট্রাম্প ৪৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়। পরে সেটিই নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন ট্রাম্প। এর ফলে অনেকে মনে করছেন, ইরানকে কূটনৈতিক বার্তা দিতেই এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ইরান (Iran) শান্তি ফেরানোর লক্ষ্যে আমেরিকাকে তিন দফা প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল আবার স্বাভাবিক করতে আগ্রহী। পাশাপাশি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো বা স্থায়ীভাবে সংঘাতের অবসান ঘটানোর বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। তবে পরমাণু ইস্যুতে আলোচনা শুরু করার আগে ওই জলপথে মার্কিন অবরোধ প্রত্যাহারের শর্তও রেখেছে তেহরান।
যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি ওয়াশিংটন, মার্কিন সংবাদমাধ্যমের একাংশের দাবি, ট্রাম্প প্রশাসন ইরানের এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিতে অনিচ্ছুক। ফলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।




