ভোটের উত্তাপ (ElectioninBengal) যত বাড়ছে, ততই রাজনীতির ময়দানে নতুন নতুন বিতর্ক সামনে আসছে। মাছ-ভাতকে ঘিরে বাঙালির আবেগ যখন নির্বাচনী প্রচারের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে, ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি গান— ‘মাছ চোর, মাছ চোর, শওকত তো মাছ চোর’। এই গান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ভাঙড়ের TMC প্রার্থী শওকত মোল্লা (Saokot Molla) এই গানকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিকর প্রচারেরও একটি সীমা থাকা উচিত। তিনি অভিযোগ করেন, এই ধরনের প্রচার প্রতিপক্ষের নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দেয়।
যদিও গানটি কারা তৈরি করেছে, তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি। তৃণমূলের দাবি, এর নেপথ্যে রয়েছে ISF শিবির। সেই সূত্র ধরেই শওকত মোল্লা নাম না করে আইএসএফ নেতৃত্বকে নিশানা করেন। তিনি বলেন, হতাশা থেকেই বিরোধীরা এমন কুরুচিকর প্রচারে নেমেছে এবং ভোটের ফল প্রকাশের পর তার উপযুক্ত রাজনৈতিক জবাব দেওয়া হবে।
অন্যদিকে, আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকিকে (Naoshad Siddiqui) জনসভা থেকে কর্মীদের ওই গান না বাজানোর অনুরোধ জানাতেও শোনা গিয়েছে। তবে তাতেও পরিস্থিতির বদল হয়নি। বরং গানটি দ্রুত জনপ্রিয় হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে— নির্বাচনের সময় কোনও নির্দিষ্ট প্রার্থীকে লক্ষ্য করে এভাবে গান তৈরি ও প্রচার করা কতটা গ্রহণযোগ্য? যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের (ECI) তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে এই ভাইরাল গান যে ভোটের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, তা বলাই যায়।




