শুক্রবার প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2026)। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। চলতি বছরে মোট ৯ লক্ষ ৫৯ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ৮৬.৮৩ শতাংশ ছাত্রছাত্রী।
জেলার ভিত্তিতে পাশের হারে শীর্ষে রয়েছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৫.১০ শতাংশ। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে কলকাতা। এবারের মাধ্যমিকে প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ১৩১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে সেরার সেরা হয়েছেন উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দির-এর ছাত্র অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮, অর্থাৎ ৯৯.৭১ শতাংশ।
পর্ষদের ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে ফল দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরা মধ্যশিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইট-এ গিয়ে রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ফলাফল দেখতে পারছেন। প্রয়োজন হলে সেখান থেকেই প্রিন্ট আউট নেওয়ার সুযোগও রয়েছে।
মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৯৬। তৃতীয় স্থানে রয়েছেন তিনজন— দক্ষিণ ২৪ পরগনার সৌর জানা, বাঁকুড়ার মৈনাক মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের অঙ্কনকুমার জানা। তাঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯৫। এছাড়াও মেধাতালিকায় নজর কেড়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, রহড়া রামকৃষ্ণ মিশন, তমলুক হ্যামিলটন হাই স্কুল, সারদা বিদ্যামন্দির-সহ একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, হুগলি ও বীরভূম জেলা থেকে বহু পরীক্ষার্থী প্রথম দশে জায়গা পেয়েছে।
সকাল থেকেই বিভিন্ন স্কুলে মার্কশিট বিতরণ শুরু হয়েছে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা ক্যাম্প অফিস থেকে মার্কশিট সংগ্রহ করে নিয়ে যাওয়ার পর পরীক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে তা হাতে পাবে।





