ছাব্বিশের বিধানসভা (ElectioninBengal) ভোটে বারাকপুরে TMC প্রার্থী রাজ চক্রবর্তীর (Raj Chakroborty) রোড শো ঘিরে দেখা গিয়েছিল ব্যাপক উন্মাদনা। ফুলের মালা পরিয়ে তাঁকে অভিনন্দনে ভরিয়ে দিয়েছিলেন এলাকার বহু মানুষ। সেই রাজ এবার রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন।
৪ মে ফলপ্রকাশের পর বদলে গিয়েছিল পরিস্থিতি। গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় ‘চোর চোর’ স্লোগান ওঠে, এমনকি তাঁর দিকে কাদা ও চটিও ছোড়া হয় বলে অভিযোগ। যদিও সেই পরিস্থিতিতেও ধৈর্য হারাননি পরিচালক-রাজনীতিক। শান্তভাবেই গণনাকেন্দ্র ত্যাগ করেন তিনি। ফল ঘোষণার প্রায় ৯৬ ঘণ্টা পর অবশেষে মুখ খুললেন রাজ। একই সঙ্গে রাজনীতি ছাড়ার সিদ্ধান্তও নিলেন।



গণমাধ্যমের সামনে স্পষ্ট জানিয়ে দিলেন, ২০২৬ সালের পর রাজনীতির অঙ্গন থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। জীবনের পথে সাফল্য-ব্যর্থতা, জয়-পরাজয় থাকেই সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়েছেন তিনি। পরিচালক হিসেবেও কখনও পেয়েছেন সাফল্যে, আবার কখনও মুখোমুখি হয়েছেন ব্যর্থতার। এই বিষয়টি উল্লেখ করে রাজের বক্তব্য, ‘জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি সেটা নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি।’২০২১-এ রাজনীতিতে অভিষেক রাজের। ছাব্বিশের নির্বাচনে পরাজয়ের পর রাজের সাফাই, ‘২০২১ থেকে আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পরবর্তী পাঁচ বছর সেভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সেই অধ্যায় শেষ হল ২০২৬-এ। সেই সঙ্গে শেষ হল রাজনৈতিক জীবনের পথচলা।’
ছাব্বিশের বিধানসভা ভোটে মানুষের রায়কে সম্মান জানিয়ে নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ চক্রবর্তী। পাশাপাশি পশ্চিমবঙ্গের অগ্রগতি ও রাজ্যের মানুষের মঙ্গল কামনাও করেছেন প্রাক্তন বিধায়ক। তাঁর কথায়, “বাংলার মানুষের মতামতে বাংলায় নতুন সরকার এসেছে। আগামী ৯ মে তাঁরা শপথ নেবেন। তাঁদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করব, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ উন্নতির পথে এগিয়ে যাবে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’





