সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যের শিক্ষাদপ্তরে (Education Department) বড়সড় রদবদলের জল্পনা চলছিল। সেই আবহেই মধ্যশিক্ষা পর্ষদের (WB Board Of Secondary Education) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তাঁদের ইস্তফাপত্র স্কুল শিক্ষা সচিবের কাছে জমা পড়েছে বলে জানা গিয়েছে।
গত কয়েক বছরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে সবচেয়ে বেশি বিতর্কে ছিল রাজ্যের শিক্ষাদপ্তর। সেই মামলার জেরে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত গড়ায় আইনি লড়াই এবং প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। আদালতের কড়া পর্যবেক্ষণের মুখে একাধিক প্রশাসনিক বদলও করতে হয়েছিল তৎকালীন সরকারকে।
এই অস্থির পরিস্থিতির মধ্যেই এসএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান সিদ্ধার্থ মজুমদার। চলতি বছরের জানুয়ারিতে তাঁর অবসরের সময়সীমা থাকলেও পরে তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্ব দেওয়া হয়েছিল রামানুজ গঙ্গোপাধ্যায়কে।
নতুন বিজেপি সরকার শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিয়েছে। শপথ গ্রহণের পর পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিক বদলি করা হয়েছে। এবার শিক্ষাদপ্তরেও বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে প্রশাসনিক মহলে জোর জল্পনা।
এই পরিস্থিতিতে এসএসসি চেয়ারম্যান ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির একযোগে পদত্যাগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এসএসসির বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের একাধিক চেয়ারপার্সনও পদ ছেড়েছেন বলে খবর। পাশাপাশি বহু স্কুল ও কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ায় সেগুলিও নতুন করে গঠন করা হতে পারে। প্রশাসনিক সূত্রের দাবি, সেখানে নতুন নিয়ম এবং স্বচ্ছতার উপর বিশেষ জোর দেওয়া হতে পারে।





