বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার (Baruipur PS) দুই পুলিশকর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য পুলিশ (WB Poice)। সাসপেন্ড করা হয়েছে বারুইপুর থানার আইসি (IC) সমর দে এবং সাব-ইনস্পেক্টর (SI) সুকুমার রুইদাসকে।
অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরদিন অর্থাৎ ৫ মে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালের উপর শারীরিক নির্যাতন চালায় পুলিশ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েক জন পুলিশকর্মী বিশ্বজিৎকে জোর করে গাড়িতে তুলছেন। ভিডিওয় বারুইপুর থানার আইসি সমর দেকেও দেখা গিয়েছে বলে দাবি বিজেপির। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বাংলা ডিজিটাল (Aaj Bangla Digital)
ঘটনার দিন এলাকায় ভাঙচুরের অভিযোগ উঠেছিল। তৃণমূলের তরফে দাবি করা হয়, বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ানো হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
বিশ্বজিতের অভিযোগ, তাঁকে রাস্তায় দেখেই কোনও কারণ ছাড়াই মারধর করা হয়। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে বলে দাবি বিজেপি প্রার্থীর। পরে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। তদন্তের পরই দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।





