চেন্নাই বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী। টেক অফের ঠিক আগে বিমানের ডানায় আগুন দেখতে পেয়ে দ্রুত সিদ্ধান্ত নেন পাইলট। সঙ্গে সঙ্গেই রানওয়েতে বিমান থামিয়ে দেওয়া হয়। পরে নিরাপদে উদ্ধার করা হয় বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু সদস্যকে। সোমবার রাতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে।
জানা গিয়েছে, সোমবার রাতে চেন্নাই থেকে আবু ধাবির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এতিহাদ এয়ারওয়েজ (Etihad Airways)-এর একটি উড়ানের। সমস্ত বোর্ডিং প্রক্রিয়া শেষ করে প্রায় ২৮০ জন যাত্রীকে নিয়ে বিমানটি রানওয়ে ধরে টেক অফের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় পাইলট লক্ষ্য করেন, বিমানের একটি ডানা থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং সেখানে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ বিমান থামিয়ে দেন পাইলট। ইঞ্জিন বন্ধ করে খবর দেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল একে একে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনে। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দর সূত্রে খবর, ঘটনায় কেউ আহত হননি এবং সকলেই নিরাপদে রয়েছেন।
ঘটনার পর বাতিল করে দেওয়া হয়েছে ওই উড়ান। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত এতিহাদ এয়ারওয়েজ (Etihad Airways)-এর তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই বিমানযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ কোনও বিমান উড়ানের আগে একাধিক স্তরে নিরাপত্তা পরীক্ষা বাধ্যতামূলক। ইঞ্জিন থেকে শুরু করে ডানার যান্ত্রিক অবস্থা—সব কিছু খতিয়ে দেখার পরেই বিমানকে ছাড়পত্র দেওয়া হয়। ফলে এই ঘটনায় কোথায় গাফিলতি ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।





