গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় খানিক স্বস্তি মিলেছিল। তবে সেই আরাম দীর্ঘস্থায়ী হচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে (Weather Update)।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে বৃষ্টির দাপট আরও বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকাগুলিতে কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে শুক্রবার ও শনিবার আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম বাড়ার ইঙ্গিত স্পষ্ট। আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বাড়বে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার থাকলেও পরে আংশিক মেঘলা হতে পারে। তবে রোদের তেজ ও ভ্যাপসা গরম দিনের সঙ্গে সঙ্গে আরও বাড়বে বলেই পূর্বাভাস।





