Header AD
Trending

দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা, তদন্তে সিবিআইকে পূর্ণ ছাড়পত্র দিল শুভেন্দু সরকার

nabanna suven

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে বড় সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র নেতৃত্বাধীন রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের বিভিন্ন দপ্তরের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত চালাতে সিবিআই-সহ আদালত নির্দেশিত তদন্তকারী সংস্থাগুলিকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, আগের সরকার বহু ক্ষেত্রে তদন্তের ছাড়পত্র আটকে রেখেছিল, যার ফলে দুর্নীতির মামলাগুলির তদন্ত ও চার্জশিট প্রক্রিয়া দীর্ঘদিন ধরে থমকে ছিল। তিনি বলেন, “বিগত রাজ্য সরকার সিবিআই-সহ তদন্তকারী সংস্থাগুলিকে আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে ছাড়পত্র আটকে রেখেছিল। সেই অনুমতি দেওয়া হল। মানুষ যে আশা নিয়ে এই সরকারকে এনেছে, সেই কাজ করা হবে।”

সরকারি সূত্রে জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ কেলেঙ্কারি এবং সমবায় সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযুক্ত আমলাদের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যেতে মন্ত্রিসভা আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকার দুর্নীতিগ্রস্ত আমলাদের বাঁচাতে তদন্তের ছাড়পত্র আটকে রেখেছিল। আমরা সেই অনুমতি দিলাম।”এর ফলে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলির আর কোনও প্রশাসনিক বাধা রইল না।

উল্লেখ্য, কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত বা চার্জশিট দাখিলের আগে রাজ্য সরকারের লিখিত অনুমতি প্রয়োজন হয়। এতদিন সেই অনুমতির অভাবে একাধিক মামলার তদন্ত প্রক্রিয়া আটকে ছিল। নতুন সরকারের এই সিদ্ধান্তে দুর্নীতির মামলাগুলির তদন্তে গতি আসবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।