Header AD
Trending

তৃণমূল এবার বিরোধী, দলের বিধায়কদের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখতে বিধানসভায় শোভনদেব- ফিরহাদ

boby

বিধানসভায় বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ, আর তার প্রভাব পড়ছে আসন বিন্যাস থেকে শুরু করে বিধায়কদের দৈনন্দিন ব্যবস্থাপনাতেও। সেই কারণেই বুধবার বিধানসভায় পৌঁছন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondev Chatterjee) এবং তৃণমূলের মুখ্য সচেতক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মূলত তৃণমূল বিধায়কদের নতুন করে বসার ব্যবস্থা, ঘর বণ্টন এবং অন্যান্য সাংগঠনিক বিষয় খতিয়ে দেখতেই তাঁদের এই সফর।

এদিন প্রোটেম স্পিকার তাপস রায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ প্রায় ১৫০ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান। শপথ নেন তৃণমূলের নিয়ামত শেখ-সহ আরও কয়েকজন বিধায়কও। তবে এবারের বিধানসভায় তৃণমূলের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। শাসকদলের আসন ছেড়ে এবার তাঁদের বসতে হবে বিরোধী বেঞ্চে। স্বাভাবিকভাবেই বদলাচ্ছে কক্ষ বণ্টন ও আনুষঙ্গিক পরিকাঠামোও। সেই পরিবর্তিত পরিস্থিতিতে দলের বিধায়কদের কোনও অসুবিধা হচ্ছে কি না, কোথায় কাদের বসানো হবে, কোন ঘর কোন কাজে ব্যবহার হবে—এসব খুঁটিনাটি বিষয় সরেজমিনে খতিয়ে দেখতেই এদিন বিধানসভায় যান শোভনদেব চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। রাজনৈতিক পালাবদলের আবহে বিধানসভার অন্দরের এই রদবদলও এখন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

বুধবার তৃণমূলের কয়েকজন বিধায়ক শপথ নিলেও বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং মুখ্য সচেতক ফিরহাদ হাকিমের শপথগ্রহণ নির্ধারিত রয়েছে বৃহস্পতিবার।এদিন বিধানসভায় আসেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ও। বিধায়কদের প্রশাসনিক ও আর্থিক নানা প্রক্রিয়া ঠিকঠাক চলছে কি না, তা নিয়েও খোঁজখবর নিতে দেখা যায় তৃণমূল নেতৃত্বকে। বিশেষ করে বিধায়কদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখেন শোভনদেব চট্টোপাধ্যায়। একইসঙ্গে বিরোধী শিবিরের জন্য বরাদ্দ ঘর, বসার ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামোও ঘুরে দেখেন শোভনদেব ও ফিরহাদ। এদিন বিধানসভা থেকে ফিরহাদ হাকিম জানিয়েছেন, “আমাদের বিধায়কদের কোনও অসুবিধা হচ্ছে কি না দেখতে এসেছি।”

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য সরকার বারবার একটি বার্তা স্পষ্ট করে দিয়েছে—গণতান্ত্রিক পরিসরে বিরোধীদের অধিকার কোনওভাবেই খর্ব করা হবে না। বিধানসভা হোক বা প্রশাসনিক ক্ষেত্র, বিরোধী শিবিরের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার যথাযথভাবে বজায় রাখার আশ্বাস দিয়েছে সরকার। এছাড়াও এদিন বিরোধীদের কটাক্ষ করে শোভনদেব বলেন, “কথা বলা আর বাস্তবে প্রয়োগ করার মধ্যে পার্থক্য আছে। দেখা যাক কী হয়।”