Header AD

ফিরল নির্ভয়া-কাণ্ডের স্মৃতি!  দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চালক ও কন্ডাক্টর

Delhi rape incident

আবারও রাজধানী দিল্লিতে (Delhi) চলন্ত বাসে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় ১৪ বছর আগে ঘটে যাওয়া ভয়াবহ নির্ভয়া-কাণ্ডের (Nirbhaya) স্মৃতি ফিরিয়ে এনে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে এই ঘটনা। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ (Delhi Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলা অভিযোগ করেছেন যে একটি বেসরকারি স্লিপার বাসে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই এফআইআর দায়ের করা হয় এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়। তদন্তের স্বার্থে বাসটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারীরা।

সূত্রের খবর, ধৃত দুই ব্যক্তি ওই বাসের চালক ও কন্ডাক্টর। অভিযোগ, গত ১২ মে বাসের মধ্যেই এই অপরাধ সংঘটিত হয়। ইতিমধ্যে নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। তবে তদন্ত চলায় এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ আধিকারিকেরা।

এই ঘটনার পর ফের সামনে উঠে এসেছে ২০১২ সালের ১৬ ডিসেম্বরের সেই নারকীয় নির্ভয়া-কাণ্ডের স্মৃতি। সে সময় দক্ষিণ দিল্লির মুনিরকা এলাকা থেকে বাসে ওঠার পর এক তরুণীকে গণধর্ষণ ও নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল। পরে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার জেরে দেশজুড়ে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছিল এবং নারী নিরাপত্তা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল কেন্দ্র সরকার।